ব্রাদার্সের প্রতিশোধ, সিটিরও জয়
৩ ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি ১ * ৩ সিটি ক্লাব, পিডব্লুডি ২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ৪২ মিনিটে জাফর ইকবালের দেওয়া গোলে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি এফসি। দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের অন্য চেহারা। ২২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে গোপীবাগের ক্লাবকে এগিয়ে দেন পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা। যোগ করা সময়ে নাবিল খন্দকারের আরেক গোল। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে ব্রাদার্স ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসিকে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে পিডব্লুডি স্পোর্টস ক্লাবকে ৩-২ গোলে হারায় সিটি ক্লাব। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় শনিবার।
চট্টগ্রাম ৪২ মিনিটে জাফর ইকবালের গোলে এগিয়ে যায়। বিরতির পর ৫১ মিনিটে সমতা ফেরান রেজা। ৭৩ মিনিটে হেমেলের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাবিল খন্দকারের গোলে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের। চারদিন আগে ফেডারেশন কাপে চট্টগ্রাম সিটির কাছে ০-১ গোলে হেরেছিল ব্রাদার্স। লিগে সেই হারের প্রতিশোধ নিল গোপীবাগের দল।
গাজীপুরে তৃতীয় মিনিটেই ফ্লয়ডিন বালোকির গোলে এগিয়ে যায় পিডব্লুডি। সাত মিনিটের মধ্যে খায়রুল ইসলামের পাস থেকে সাজেদ হাসান সমতা ফেরান। ৩৭ মিনিটে পেনালটি থেকে সলোমন গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি ক্লাব। ৭৭ মিনিটে পেনালটি পায় পিডব্লুডি। ইয়োহান এমবিদার গোলে স্কোর ২-২। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তানভীরের গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব।
