|
ফলো করুন |
|
|---|---|
জল্পনাই সত্যি হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নাথান লায়নকে রাখল না অস্ট্রেলিয়া। গত ১৩ বছর ধরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার ছিলেন লায়ন। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই লায়নকে পরিকল্পনা থেকে বাদ দিয়ে দেন প্যাট কামিন্সরা। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের জন্য কামিন্সের নেতৃত্বে ১৩ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা হয়নি লায়নের। চোট সারিয়ে দলে ফিরেছেন স্টিভ স্মিথ। প্রথমবার অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ২৯ বছরের অফ-স্পিনার কোরি রোচিসিয়োলি এবং কুইন্সল্যান্ডের ২৭ বছরের ব্যাটার জ্যাক ক্লেটন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে আগামী ৯ ডিসেম্বর পার্থে।
লায়ন ছাড়াও টেস্ট দলে জায়গা পাননি মার্নাস লাবুশেন এবং কুপার কোনোলি। দলে জায়গা হয়নি বিউ ওয়েবস্টারেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের প্রথম একাদশে লায়নের সঙ্গে ওয়েবস্টারেরও জায়গা হয়নি। অ্যাশটন আগার বাদ পড়ার পর ২০১৩ সালে অ্যাশেজ সিরিজ থেকে টেস্টে লায়ন ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের স্পিনার। ৩৯ বছরের অফ-স্পিনার ১৪৫ টেস্ট খেলে ৫৭৭ উইকেট নিয়েছেন।
২০১১ সালে শ্রীলংকা সফর থেকে অস্ট্রেলিয়ার প্রতিটি টেস্ট দলে ছিলেন লায়ন।
