Logo
Logo
×

Advertisement

খেলা

বিদায় ‘পঞ্চপাণ্ডবের’ শেষ প্রতিনিধি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদায় ‘পঞ্চপাণ্ডবের’ শেষ প্রতিনিধি

Advertisement

সূচনার সঙ্গে সমাপ্তির নিবিড় যোগসূত্র। শুরু মানেই শেষ অনিবার্য। সূর্যোদয়ের পর সূর্যাস্ত। বাংলাদেশের ক্রিকেটে আরেকবার সাঝেরবেলা ঘনিয়ে এলো। পঞ্চপাণ্ডবের শেষ প্রতিনিধি মুশফিকুর রহিম এবার নিজের টেস্ট ক্যারিয়ারে যতিচিহ্ন বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। রঙিন ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন তিনি। এবার সাদা পোশাকের ক্রিকেটকের সঙ্গেও সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজের প্রথমটি বাংলাদেশের হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। মিরপুরে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে খেলতে নামবেন মুশফিক। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেই হিসাবে ক্রিকেটের আদি সংস্করণে এই উইকেটরক্ষক-ব্যাটারের বিদায়ী ম্যাচ হবে তার ১০৯তম টেস্ট।

মুশফিকের বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব অধ্যায়। একসময় দেশের ক্রিকেটে সবচেয়ে নির্ভরযোগ্য পাঁচ মুখ ছিলেন মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিক। সময়ের পরিক্রমায় একে একে থেমেছে তাদের আন্তর্জাতিক পথচলা। বাংলাদেশের ক্রিকেটই বদলে দিয়েছেন তারা। সবার শেষে সেই সারিতে নাম লেখাতে যাচ্ছেন মুশফিক। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাশরাফির। তার হাত ধরে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন আÍবিশ্বাসের সঞ্চার হয়েছিল। অধিনায়ক হিসাবে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল-বাংলাদেশ ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। চোটের সঙ্গে লড়াই করে দীর্ঘদিন খেলা এই পেসার ২০২০ সালে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন। আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা না দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা হয়নি।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিবের হয়ে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন। ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স, বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি-সব মিলিয়ে দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ২০২৪ সালে টি ২০ ও টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব। ওয়ানডে ক্রিকেটেও তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। রাজনৈতিক বাস্তবতায় দেশের বাইরে থাকা এই অলরাউন্ডার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে।

তামিম ইকবালের গল্পটা আবার অন্য রকম। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ওপেনিংয়ে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে ওঠেন তিনি। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েও একদিনের ব্যবধানে ফিরে এসেছিলেন। পরে ২০২৫ সালের জানুয়ারিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই তার ব্যাট থেকে এসেছে অসংখ্য স্মরণীয় ইনিংস।

মাহমুদউল্লাহর বিদায়ও হয়েছে ধাপে ধাপে। ২০২১ সালে টেস্ট ক্রিকেট ছাড়েন তিনি। ২০২৪ সালে টি ২০ এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন। ২০১৯ বিশ্বকাপে তার ব্যাটিং, ২০১৫ বিশ্বকাপে পরপর দুই সেঞ্চুরি-বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। পাঁচজনের মধ্যে সবার শেষে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ ছাড়ার অপেক্ষায় মুশফিক। ২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেকের পর ২১ বছরের দীর্ঘ পথচলায় তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন। ১০৮ টেস্টে ৭০৬২ রান, ১৪ সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি তার অর্জন। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, রান ও সেঞ্চুরির মালিকও তিনি। পঞ্চপাণ্ডবের চারজনের পথচলা থেমেছে বিভিন্ন সময়ে, নানা বাস্তবতায়। মুশফিকের বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে তাদের সম্মিলিত আন্তর্জাতিক অধ্যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিদায় ‘পঞ্চপাণ্ডবের’ শেষ প্রতিনিধি

বিদায় ‘পঞ্চপাণ্ডবের’ শেষ প্রতিনিধি

বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই ব্রাজিলের

লায়ন নেই অস্ট্রেলিয়ার ‘খাঁচায়’

লায়ন নেই অস্ট্রেলিয়ার ‘খাঁচায়’

ব্রাদার্সের প্রতিশোধ, সিটিরও জয়

ব্রাদার্সের প্রতিশোধ, সিটিরও জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম