বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই ব্রাজিলের
বিস্ফোরক রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল বিশ্বকাপে চিরকালীন ফেভারিট ব্রাজিল। কিন্তু রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখন আর ফেভারিট মনে করেন না খোদ সেদেশের সর্বকালের সেরাদের একজন রোনালদো নাজারিও। দুটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফরোয়ার্ডের মতে, ‘এখন আর বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় ব্রাজিল। ক্ষমতাও আর নেই। রোনালদোর হাত ধরে ২০০২ আসরে সবশেষ চ্যাম্পিয়ন হওয়ার পর আর বিশ্বকাপের ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। শেষ ছয় বিশ্বকাপে তারা বিদায় নিয়েছে ইউরোপের কোনো দলের কাছে হেরে। রোনালদোর মতে, নিজেদের ঘরানার খেলার ধরন ও সৃষ্টিশীলতা বিসর্জন দিয়ে ইউরোপিয়ান ফুটবল অনুকরণ করতে গিয়েই ব্রাজিলের এই সর্বনাশ। পাশাপাশি দলে আগের মতো ঐক্যও নেই বলে মনে করেন তিনি। ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইডের সাবেক রাইট-ব্যাক গ্যারি নেভিলকে ব্রাজিলের পিছিয়ে পড়ার কারণ বিশ্লেষণ করতে গিয়ে রোনালদো বলেছেন, ‘আমার মনে হয় আমরা এখন ইউরোপের খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভা ও স্টাইলের ওপর প্রবল আস্থা ছিল আমাদের। কিন্তু এখন ইউরোপিয়ানরা অনেক বেশি শক্তিশালী, গতিময়, সুসংগঠিত এবং সবচেয়ে বড় কথা, তারা ভালো খেলে।’
ব্রাজিল দলে প্রতিভার কমতি না থাকলেও ঐক্যের ঘাটতি দেখেন রোনালদো। মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মতো লড়াকু মানসিকতা নিজের উত্তরসূরিদের মধ্যে দেখতে পান না তিনি। এটা বেশি পোড়ায় ফেনোমেননকে। এ জন্যই ব্রাজিলের বর্তমান দল নিয়ে রোনাদোর মূল্যায়ন, ‘ব্রাজিল এখন আর বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয়। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধও নই। এটা আমাদের জন্য কষ্টের।’
