সাকিবকে যেভাবে স্বাগত জানাল হায়দরাবাদ
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিসিবির কাছ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান। ওইদিনই তার আইপিএল খেলতে কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু ছাড়পত্র পাওয়ার পর রাতটা দেশেই কাটিয়েছেন তিনি। শুক্রবার সকালে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে কলকাতায় যান এই বাঁ-হাতি অলরাউন্ডার।
কলকাতায় কাল নিজের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। দল থেকেও স্বাগত জানানো হয়েছে এই বাংলাদেশি ক্রিকেটারকে। সাকিবের আগমন নিয়ে দলটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘অভিজ্ঞ অলরাউন্ড পারফরমার সাকিব আল হাসান ফিরেছে। সে শুধু ফেরেনি, ব্যাগভর্তি কৌশল নিয়েই ফিরেছে।’ আইপিএল মিশন শুরু করতে সানরাইজার্স হায়দরাবাদ এখন কলকাতায়। আইপিএলে তাদের প্রথম ম্যাচ আগামীকাল। ইডেন গার্ডেনে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল। রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলের ফাইনালে পাওয়া আঙুলের ইনজুরির কারণে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর মিস করেছেন সাকিব। তবে গত এক সপ্তাহ মিরপুরে নিবিড় অনুশীলনে আইপিএলের প্রস্তুতি সেরেছেন সাকিব। ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন তিনি। কোনো ঝুঁকি না নিয়ে খেলা ও ফিটনেস বিষয়ে বিসিবিকে নিয়মিত অবগত করার শর্তে সাকিবকে ছাড়পত্র দেয়া হয়েছে। যেখানে চিকিৎসক, ফিজিওদের মতামতও নেয়া হয়েছে।
সাকিবদের অধিনায়ক উইলিয়ামসন
আইপিএলে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দলের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফিরলেও উইলিয়ামসনের প্রতিই আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজি।
বল টেম্পারিং-কাণ্ডে আইপিএলের গত আসরে খেলতে পারেননি হায়দরাবাদের অস্ট্রেলিয়ান তারকা ওয়ার্নার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কিউই কাপ্তান উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়কের অধীনে গত আসরে রানার্সআপ হয়েছিল হায়দরাবাদ। ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়ামসন।
হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘কেন উইলিয়ামসন অসাধারণ একজন ব্যাটসম্যান। খেলোয়াড় হিসেবেও আন্তর্জাতিকভাবে নন্দিত। গত বছর সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ভালো নেতৃত্বগুণের উদাহরণ দাঁড় করিয়েছে।’ ওয়ার্নারের ব্যাপারে লক্ষ্মণ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওয়ার্নারকে যে শাস্তি দেয়া হয়, তা খুবই কঠোর ছিল তার জন্য। শাস্তিটা ঠিক ছিল না আমার মতে। কারণ আমি তাকে খুব কাছ থেকে চিনি। তবে আমি নিশ্চিত, এতে তার মনোযোগে সমস্যা হবে না। হায়দরাবাদের হয়ে মাঠ মাতাবে সে।’
আইপিএলের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। হায়দরাবাদের প্রথম ম্যাচ রোববার। কলকাতা নাইটরাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে সাকিবের হায়দরাবাদ।
