জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার আমের খান
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইকবাল হোসেনকে সরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার করা হয়েছে আরেক সাবেক ফুটবলার আমের খানকে। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল। শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘ম্যানেজার পদে নির্বাহী কমিটির মধ্য থেকে দায়িত্ব একজনকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে পেশাদার ম্যানেজার নিয়োগ দেওয়ার কথা বলে ব্যর্থ হয়েছে বাফুফে। আড়াই বছর পেরিয়ে গেলেও পেশাদার ম্যানেজার নিয়োগ হয়নি। গত দুই বছর ম্যানেজার ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন।
আমের খান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আছেন প্রায় দুই দশক ধরে। নতুন দায়িত্ব পেয়ে এই সাবেক ফুটবলার বলেন, ‘দলের শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সচেষ্ট থাকব।’ তিনি যোগ করেন, ‘কোনো চাপ অনুভব করছি না। বাফুফেতে কাজ করতে এসেছি। সব কাজেই চাপ থাকে।’ ২০০৩ সালে সাফ জিতেছিল বাংলাদেশ। তারপর আর সাফল্যের মুখ দেখেনি লাল-সবুজ দল।
