Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

এবিসি নিয়ন্ত্রণেই মিলবে ডায়াবেটিসের জটিলতা থেকে মুক্তি

Icon

ডা. মো. মাহমুদ হাসান

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডায়াবেটিস মানেই অনিবার্যভাবে কিডনি নষ্ট হওয়া, অন্ধত্ব, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক নয়। সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা এবং তিনটি গুরুত্বপূর্ণ বিষয়-রক্তে শর্করা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের মাধ্যমে এসব জটিলতার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। চিকিৎসাবিজ্ঞানে এই সমন্বিত নিয়ন্ত্রণকে বলা হয় ‘ABC of Diabetes Care’। ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। উদ্বেগের বিষয় হলো, অনেকেই ডায়াবেটিসকে শুধু রক্তে শর্করা বেড়ে যাওয়ার রোগ হিসাবে বিবেচনা করেন। ফলে তারা কেবল গ্লুকোজ নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেন; কিন্তু রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের গুরুত্ব উপেক্ষা করেন। অথচ ডায়াবেটিসের দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধে নিচের তিনটি বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ।

* ABC নিয়ন্ত্রণ বলতে বোঝায়

ডায়াবেটিস নিয়ন্ত্রণের ABC বলতে বোঝায়-

▶ A- A1c (HbA1c) : গত প্রায় তিন মাসের রক্তে শর্করার গড় পরিমাপ।

▶ B-Blood Pressure : রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা।

▶ C-Cholesterol : বিশেষ করে ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা।

এ তিনটি বিষয় একসঙ্গে নিয়ন্ত্রণ করা গেলে ডায়াবেটিসজনিত হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের রেটিনার ক্ষতি এবং স্নায়ুর জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

* A-A1c : রক্তে শর্করা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ সূচক

HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন পরীক্ষার মাধ্যমে গত প্রায় তিন মাসে রক্তে শর্করা কেমন ছিল, তার একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়। প্রতিদিনের রক্তের গ্লুকোজ পরীক্ষায় কোনো নির্দিষ্ট সময়ের অবস্থা জানা গেলেও HbA1c দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের চিত্র তুলে ধরে। অধিকাংশ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে HbA1c-এর লক্ষ্যমাত্রা সাধারণত ৭ শতাংশের নিচে রাখা হয়। তবে বয়স, ডায়াবেটিসের স্থায়িত্ব, অন্যান্য রোগ, হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি এবং ব্যক্তির শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে এ লক্ষ্যমাত্রা পরিবর্তিত হতে পারে। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে চোখের রেটিনা, কিডনি, স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। ফলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, কিডনি বিকলতা, পায়ে অনুভূতি কমে যাওয়া এবং ক্ষত শুকাতে দেরি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা ও ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণের মাধ্যমে রক্তে শর্করা নিয়ন্ত্রণ সম্ভব। মনে রাখতে হবে, শুধু উপসর্গ না থাকলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে-এমনটি ভাবার সুযোগ নেই।

* B-Blood Pressure : নীরব ঘাতক উচ্চরক্তচাপ

ডায়াবেটিসের সঙ্গে উচ্চরক্তচাপ থাকলে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। উচ্চরক্তচাপ অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই বছরের পর বছর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে। তাই একে নীরব ঘাতক বলা হয়।ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তচাপ নিয়মিত মাপা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অধিকাংশ রোগীর জন্য রক্তচাপের লক্ষ্যমাত্রা হলো ১৩০/৮০ mmHg-এর নিচে রাখা, যদি তা নিরাপদে অর্জন করা যায়। তবে বয়স, শারীরিক অবস্থা, কিডনির কার্যক্ষমতা এবং অন্যান্য ঝুঁকি বিবেচনা করে ব্যক্তিভেদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। লবণ কম খাওয়া, অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান পরিহার এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

* C-Cholesterol : হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ

ডায়াবেটিস রোগীদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় বেশি। বিশেষ করে রক্তে LDL বা ক্ষতিকর কোলেস্টেরল বেশি থাকলে রক্তনালির ভেতরে চর্বি জমে রক্তনালি সরু হয়ে যেতে পারে। এ প্রক্রিয়াকে অ্যাথেরোস্ক্লোরোসিস বলা হয়। এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

অনেক সময় ডায়াবেটিস রোগীর কোলেস্টেরলের মাত্রা খুব বেশি না হলেও হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। তাই শুধু মোট কোলেস্টেরল দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। LDL, HDL এবং Triglyceride-সহ সম্পূর্ণ লিপিড প্রোফাইল মূল্যায়ন করা প্রয়োজন।

ডায়াবেটিস রোগীদের অনেকের ক্ষেত্রেই স্ট্যাটিনজাতীয় ওষুধ প্রয়োজন হয়। বিশেষ করে ৪০-৭৫ বছর বয়সি রোগীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বিবেচনায় স্ট্যাটিন চিকিৎসা গুরুত্বপূর্ণ। যাদের আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্য কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক হৃদরোগ হয়েছে, তাদের ক্ষেত্রে LDL আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রোগীর সামগ্রিক ঝুঁকি অনুযায়ী LDL-এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়।

খাদ্যাভ্যাসে অতিরিক্ত চর্বি, ট্রান্সফ্যাট ও ভাজাপোড়া খাবার কমানো, শাকসবজি, ফল, ডাল, মাছ ও আঁশযুক্ত খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক।

* ABC নিয়ন্ত্রণের পাশাপাশি আরও কিছু বিষয় জরুরি

ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে ABC নিয়ন্ত্রণের পাশাপাশি কয়েকটি বিষয় নিয়মিত অনুসরণ করা প্রয়োজন-

▶ কিডনি পরীক্ষা : বছরে অন্তত একবার Urine Albumin-to-Creatinine Ratio (UACR) এবং eGFR পরীক্ষা করা উচিত।

▶ চোখ পরীক্ষা : ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করতে প্রতি বছর চোখের রেটিনা পরীক্ষা করা প্রয়োজন।

▶ পায়ের যত্ন : প্রতিদিন পা পরীক্ষা করা, ক্ষত বা সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং নিয়মিত পায়ের স্নায়ু ও রক্ত চলাচল পরীক্ষা করা জরুরি।

▶ ধূমপান পরিহার : ধূমপান রক্তনালির ক্ষতি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

▶ শারীরিক সক্রিয়তা : সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রম বা দ্রুত হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত। পাশাপাশি দীর্ঘক্ষণ একটানা বসে থাকা এড়িয়ে চলতে হবে।

▶ নিয়মিত চিকিৎসকের পরামর্শ : নিজে থেকে ওষুধ বন্ধ বা পরিবর্তন না করে নিয়মিত ফলোআপ করা প্রয়োজন।

* রোগী নিজেও হতে পারেন নিজের চিকিৎসার অংশীদার

ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু চিকিৎসকের একার দায়িত্ব নয়; রোগীকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি রোগীর নিজের HbA1c, রক্তচাপ এবং LDL কোলেস্টেরলের সর্বশেষ রিপোর্ট সম্পর্কে জানা উচিত। চিকিৎসকের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে নেওয়া প্রয়োজন।

মনে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে শুধু রক্তে শর্করা কমানো নয়; বরং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখা। আজকের সচেতনতা আগামী দিনের হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকলতা ও অন্ধত্ব প্রতিরোধ করতে পারে।

ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে তিনটি অঙ্গীকার করুন-A1c নিয়ন্ত্রণে রাখুন, Blood Pressure নিয়ন্ত্রণ করুন এবং Cholesterol বা বিশেষ করে LDL নিয়ন্ত্রণে রাখুন।

লেখক : কনসালট্যান্ট, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কম ভাত খেয়েও রক্তে শর্করা বেশি : কী করবেন

কম ভাত খেয়েও রক্তে শর্করা বেশি : কী করবেন

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস এবিসি নিয়ন্ত্রণেই মিলবে ডায়াবেটিসের জটিলতা থেকে মুক্তি

এবিসি নিয়ন্ত্রণেই মিলবে ডায়াবেটিসের জটিলতা থেকে মুক্তি

মেনোপজ : নারীর জীবনের স্বাভাবিক পরিবর্তন

মেনোপজ : নারীর জীবনের স্বাভাবিক পরিবর্তন

খাদ্য আঁশ ও কোলন ক্যানসার

খাদ্য আঁশ ও কোলন ক্যানসার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম