Logo
Logo
×

Advertisement

সুরঞ্জনা

নারী সংবাদ

নারী উদ্যোক্তার গল্প নিয়ে ‘চলো এগিয়ে যাই’

Advertisement

Icon

সুরঞ্জনা ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিশিষ্ট সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্পের সংকলন ‘চলো এগিয়ে যাই’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে সৌন্দর্য শিল্পখাতের উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্যবিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সূচনাসংগীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন অন্তরা রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক লাবণ্য লিপি। এরপর বক্তব্য দেন বিশিষ্ট সৌন্দর্যবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তিনি এ আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশের সৌন্দর্য সেবাখাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সংগীতা আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান তাদের বক্তব্যে নারীদের পথচলার বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরেন।

বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের মধ্যে থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন মারুফ মুন্না, মহসিনা মুন্নি ও ইকরা আহসান চৌধুরী। তাদের প্রত্যেকের জীবনেই রয়েছে নানা সময়ের নানা প্রতিকূলতার গল্প। সেসব বাধা অতিক্রম করে আজ তারা নিজ নিজ ক্ষেত্রে একটি অবস্থান তৈরি করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নাসিমা আনিস এবং লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি।

নাসিমা আনিস বলেন, ‘সৌন্দর্যখাতে উদ্যোক্তা তৈরি তৃতীয় বিশ্বে একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের সমাজে নারীরা পরিবারে শ্রম দিলেও সেখানে কোনো আর্থিক সম্পর্ক থাকে না। এটাই নিগৃহীত হওয়ার বড় কারণ। ফলে একজন নারী উদ্যোক্তা যখন অর্থ উপার্জন করেন, তখন তিনি পরিবার ও সমাজে ভূমিকা রাখেন। এর পরই সমাজ তাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়। আফরোজা পারভীন তার জায়গা থেকে এ কাজটি করেছেন, তা প্রশংসার দাবিদার।’ নাহিদা আশরাফি বলেন, ‘আফরোজা পারভীন সম্পাদিত ‘চলো এগিয়ে যাই’ বইয়ের উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘একজন মেকআপ আর্টিস্ট যখন কাউকে সাজিয়ে তোলেন, তখন তিনি শুধু বাহ্যিকভাবেই সাজিয়ে তোলেন না, বরং তাকে আত্মবিশ্বাসী করে তোলেন। এজন্য তাদের আমরা অন্তর থেকে সম্মান জানাতে পারি। আমরা সবাই আসলে বিউটিশিয়ান। কারণ আমরা কেউ শব্দ নিয়ে কাজ করি, কেউ মেকআপ নিয়ে কাজ করি।’

ধন্যবাদ জানিয়ে আফরোজা পারভীন উজ্জ্বলার পথচলা এবং নারী সৌন্দর্যশিল্পী তৈরির প্রয়াসের কথা তুলে ধরেন। একইসঙ্গে ‘চলো এগিয়ে যাই’ বই প্রকাশের পেছনের উদ্যোগ ও উদ্দেশ্য সম্পর্কেও কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আফরোজা পারভীনের বক্তব্যের পর অতিথিদের উপস্থিতিতে ‘চলো এগিয়ে যাই’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ও জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি। সাবলীল উপস্থাপনার পাশাপাশি তার কথার বাঁধনে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তিনি শঙ্খ ঘোষের একটি কবিতার অংশবিশেষও পাঠ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাল্যবিয়ে রোধ এবং কন্যাশিশুর অধিকার রক্ষায় বিনিয়োগ

বাল্যবিয়ে রোধ এবং কন্যাশিশুর অধিকার রক্ষায় বিনিয়োগ

অর্জন জাতিসংঘের অভিজ্ঞতায় ঋদ্ধ জাইমা রহমান

জাতিসংঘের অভিজ্ঞতায় ঋদ্ধ জাইমা রহমান

যাই তবু এগিয়ে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

নারী সংবাদ নারী উদ্যোক্তার গল্প নিয়ে ‘চলো এগিয়ে যাই’

নারী উদ্যোক্তার গল্প নিয়ে ‘চলো এগিয়ে যাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম