পরামর্শ
সফল নারী উদ্যোক্তা হতে চাইলে
রাফিয়া আক্তার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একজন নারীকে সফল উদ্যোক্তা হতে চাইলে শুধু ব্যবসা শুরু করলেই হবে না; তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস, পরিশ্রম, দূরদর্শিতা ও সিদ্ধান্ত নেওয়ার সাহস। একজন নারী কীভাবে নিজের উদ্যোগকে সফল ব্যবসায় পরিণত করতে পারেন, তার জন্য রইল ১০টি পরামর্শ।
আগ্রহ ও দক্ষতাকে কাজে লাগান : যে বিষয়ে আপনার আগ্রহ, অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, সেটিকে ব্যবসার ধারণায় রূপ দিন। নিজের ভালো লাগার কাজ নিয়ে এগুলে সাফল্যের সম্ভাবনা বাড়ে। অর্থাৎ আগে খুঁজে বের করুন আপনার আগ্রহ ও দক্ষতার জায়গাটি কোথায়। এরপর আগ্রহ ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে এগিয়ে যান।
বাজার সম্পর্কে ভালোভাবে জানুন : ব্যবসা শুরুর আগে বুঝে নিন, ক্রেতারা কী চান, বাজারে কোন পণ্যের চাহিদা বেশি এবং প্রতিযোগীরা কীভাবে ব্যবসা করছেন। মোদ্দাকথা বাজার সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। নয়তো আপনার উদ্যোগ ব্যর্থ হতে পারে।
পরিকল্পনা করে ব্যবসা শুরু করুন : ব্যবসার লক্ষ্য, বিনিয়োগ, সম্ভাব্য আয়, ব্যয় ও ঝুঁকি সম্পর্কে আগেই পরিকল্পনা করুন। আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিন। এলাম, দেখলাম, জয় করলাম-মনে রাখবেন যে কোনো ব্যবসা বা উদ্যোগ এমন সহজ সূত্র মেনে চলে না। সুতরাং একটি বাস্তবসম্মত পূর্ব পরিকল্পনা থাকলে আপনার কাজটি অনেক সহজ হয়ে যাবে।
অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করুন : ব্যক্তিগত ও ব্যবসার অর্থ আলাদা রাখুন। প্রতিটি আয়-ব্যয়ের হিসাব লিখে রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে লাভের একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। আবেগের বশে অর্থ খরচ করে পরে বিপদে পড়বেন না।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ান : অন্যের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। ভুল হতে পারে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই একজন সফল উদ্যোক্তার পরিচয়। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসকেও গুরুত্ব দিন। মনে রাখবেন, আত্মবিশ্বাস দুর্বল হলে ব্যবসায় সফল হওয়া কঠিন।
প্রযুক্তি ও ডিজিটাল মার্কেটিং শিখুন : ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজের পণ্য বা সেবার প্রচার করুন। অনলাইন ব্যবসার সুযোগ কাজে লাগান। দুনিয়া এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। সুতরাং মান্দাতার আমলের ব্যবসার চিন্তা বাদ দিয়ে আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করুন।
যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ান : সফল উদ্যোক্তা, ব্যবসায়ী ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন। বিভিন্ন ব্যবসায়িক আয়োজন ও প্রশিক্ষণে অংশ নিন। ভালো যোগাযোগ নতুন সুযোগ তৈরি করে। আপনার যোগাযোগের পরিধি যত বৃদ্ধি পাবে, ব্যবসা বা উদ্যোগও তত বিস্তৃত হবে।
সফল নারীদের দৃষ্টির সামনে রাখুন : নারী বলে নিজেকে দুর্বল ভাববেন না। মনে রাখবেন, নারীরা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে গোটা দুনিয়াজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সফল নারীদের অনুসরণ করুন। তাদের জীবন থেকে প্রেরণা নিন। দেখবেন আপনার ভেতরের শক্তি ক্রমশ আপনাকে সাহস যোগাবে তখন।
ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করুন : আপনার সব পদক্ষেপ সফল হবে এমন কোনো কথা নেই। ব্যবসায় লাভ-ক্ষতি দুটোই থাকে। এটিই স্বাভাবিক। সুতরাং ব্যর্থতা বা লোকসান হলেই ভেঙে পড়বেন না। বরং কেন লোকসান হলো, এই লোকসান থেকে উত্তরণের পথ কী-এসব নিয়ে চিন্তা করে নতুন করে শুরু করুন। মাঝপথে থেমে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়।
নিজের প্রতি বিশ্বাস রাখুন : একজন নারী উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও কাজের প্রতি নিষ্ঠা। পরিবার, সমাজ কিংবা আর্থিক সীমাবদ্ধতা যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। উদ্যোক্তা হওয়ার জন্য বড় পুঁজি নয়, প্রয়োজন বড় স্বপ্ন, সঠিক পরিকল্পনা এবং শুরু করার সাহস। নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা শুধু তার নিজের জীবনকেই বদলায় না, বদলে দিতে পারে একটি পরিবার, সমাজ এমনকি একটি দেশের অর্থনীতিও। সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখুন। অন্যরা পারলে আপনিও পারবেন।
