নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের গুরুত্ব
রুকাইয়া সাওম লীনা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রতি বছর ২৫ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস (International Day for the Elimination of Violence against Women)। এ দিবসের পেছনে রয়েছে তিন সাহসী নারীর আত্মত্যাগ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার এক মর্মান্তিক ইতিহাস। দিবসটি কীভাবে শুরু হয়েছিল, তা জানতে হলে ফিরে যেতে হবে ১৯৬০ সালের ডোমিনিকান প্রজাতন্ত্রে। সেসময় ক্যারিবীয় অঞ্চলের দেশ ডোমিনিকান প্রজাতন্ত্র শাসন করছিলেন স্বৈরশাসক রাফায়েল ত্রুহিয়ো (Rafael Trujillo)। তার শাসনামলে রাজনৈতিক বিরোধীদের ওপর চলত নির্যাতন, দমন-পীড়ন ও হত্যাকাণ্ড। সেসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিন বোন পাত্রিয়া মিরাবাল, মিনের্ভা মিরাবাল ও মারিয়া তেরেসা মিরাবাল। তারা স্বৈরশাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন। তাদের পরিচিতি ছিল ‘লাস মারিপোসাস’ (Las Mariposas), যার অর্থ প্রজাপতি। ১৯৬০ সালের ২৫ নভেম্বর কারাগারে বন্দি স্বামীদের সঙ্গে দেখা করে ফেরার পথে শাসকগোষ্ঠীর নির্দেশে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হন এ তিন বোন। তাদের হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। পরবর্তী সময়ে তারা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ ও সাহসের প্রতীক হয়ে ওঠেন। তিন বোনের আত্মত্যাগের স্মরণে ১৯৮১ সাল থেকে লাতিন আমেরিকার নারী অধিকার কর্মীরা ২৫ নভেম্বরকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন শুরু করেন। ধীরে ধীরে এ দিবস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করা হয়।
১৯৯৩ সালে জাতিসংঘ লিঙ্গভিত্তিক সহিংসতাকে এভাবে সংজ্ঞায়িত করে : ‘লিঙ্গভিত্তিক সহিংসতার এমন যে কোনো কাজ যা নারীর শারীরিক, যৌন বা মানসিক ক্ষতি বা দুর্ভোগের কারণ হয় বা হওয়ার আশঙ্কা থাকে, যার মধ্যে এ ধরনের কাজের হুমকি, জবরদস্তি বা খেয়ালখুশিমতো স্বাধীনতা হরণ অন্তর্ভুক্ত। তা জনজীবনে বা ব্যক্তিগত জীবনে যেখানেই ঘটুক না কেন।
চলতি বছর ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন, ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’-এ প্রতিপাদ্যে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কার্যক্রম পালন করার আহ্বান জানিয়েছে UN Woman।
প্রতি তিনজন নারীর মধ্যে একজন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হন। এটি বিশ্বজুড়ে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনগুলোর মধ্যে অন্যতম, তবুও অনেক ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার অধরাই থেকে যায়।
নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ২০২৬ সালের প্রচারণার মূল ক্ষেত্রগুলো-
* ন্যায়বিচার নিশ্চিত করা : এমন আইনি ব্যবস্থার দাবি জানানো, যা সহিংসতার বিরুদ্ধে কার্যকর এবং ঘরোয়া পরিবেশ, কর্মক্ষেত্র, জনজীবন ও ডিজিটাল পরিসরে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনে।
* ভুক্তভোগীর সুরক্ষা প্রদান : নিরাপদ অভিযোগ জানানোর ব্যবস্থা, সাশ্রয়ী সহায়তা পরিষেবা এবং আইনি সহায়তার সুযোগ সম্প্রসারণ করা।
* দায়মুক্তির অবসান ঘটানো : প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং অর্থায়ন হ্রাসের মতো বিষয়গুলো মোকাবিলা করা, যা ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ রুদ্ধ করে এবং নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে দুর্বল করে তোলে।
* অনলাইন ও অফলাইন পরিসরের সংযোগ : প্রযুক্তির অপব্যবহার, ডিজিটাল সহিংসতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা হয়রানি মোকাবিলায় পূর্ববর্তী উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেওয়া; এটি স্বীকার করে যে, অনলাইন ও অফলাইন সহিংসতা একে অপরের সঙ্গে সম্পর্কিত।
এ বিষয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফাতেমা রেজিনা ইকবালের সঙ্গে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস খুব গুরুত্বপূর্ণ একটি দিবস। পুরুষদের দ্বারা তো নারীরা নির্যাতিত, এটা চিরন্তন সত্য। এখানে সচেতনতার বিষয় হলো নারীদের সম্মান করতে হবে পুরুষদের। একজন নারী একজন মা, নারী না হলে তো সন্তান জন্ম দিত না। নারীর মাধ্যমেই তো সন্তানের জন্ম হচ্ছে। কাজেই মাকে সম্মান করা যেমন একজন পুরুষের দায়িত্ব, তেমনিভাবে স্ত্রীকে সম্মান দিতে হবে। আমি ভালোবাসার কথা এখানে বলছি না, কিন্তু এখানে সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া জরুরি। কন্যাশিশু জন্ম হলে তাকে স্বাগতম জানাতে হবে। পরিবার এবং পরিবারে বাবা-মা একটা ছেলেশিশুকে বা ছেলে সন্তানকে যেরকম যত্ন, মমতা, অগ্রাধিকার দিয়ে বড় করে, কন্যাসন্তানকে সেই একই ধরনের যত্ন, মমতা, অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে আমি বলব যে, বেশি অগ্রাধিকার দিয়ে কন্যাসন্তানকে বড় করতে হবে। যারা চিন্তা করে, মেয়ে বড় হলে বিয়ে হলে দূরে চলে যাবে, সেসব বাবা-মাকে ভাবতে হবে যে, তাহলে এখনই বেশি করে তাদের আদর করি। কন্যাসন্তানকে সমান গুরুত্ব দিতেই হবে। বিয়ে হলে মেয়ে দূরে চলে যাবে বা হায়ার স্টাডিজ করতে মেয়ে বাইরে চলে যাবে, তাহলে তো আর বাবা-মা মেয়েকে এভাবে কাছে পাচ্ছে না। বাড়িতে পুরুষদের, ভাইকে তার বোনকে সম্মান করতে শিখতে হবে। প্রশ্ন হচ্ছে এ সম্মানটা পরবর্তী সময়ে কী হবে? সে যখন পরিবার গঠন করবে, সে পরিবারেই এর প্রতিফলনটা দেখতে পাব। মায়েদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে, কন্যাসন্তান আর ছেলেসন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন মায়েরা আসলে ছেলেসন্তান প্রত্যাশা করছেন, মেয়েদের পছন্দ করছেন না? এটার কারণ হচ্ছে সমাজ তাকে এভাবে দেখছে, ওনার হাজবেন্ড বা সমাজ চাচ্ছে, এটি সমাজের চাপ। এটাও তো এক ধরনের নির্যাতন। এটাও বন্ধ করতে হবে।’
এ বিষয়ে নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার বলেন, ‘প্রথমত, আমার মতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস এ কারণে পালন করা দরকার যে, এটার সঙ্গে আমরা যখন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে মিলাই, তখন আমরা দেখতে পাই যে, নারীর ওপর সহিংসতার বিষয়টি কীভাবে নারীর মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত এবং এ বিষয় নিয়ে কথা বলার একটা সুযোগ আমাদের তৈরি হয়। পাশাপাশি আমরা এ দিবসটিকে সামনে রেখে আমাদের পরিসংখ্যানগুলোকে সামনে আনতে পারি। নারীর ওপর সহিংসতা হলে কী কী পদক্ষেপ নেওয়া হয় বা হয়নি, কী কী চ্যালেঞ্জ এখনো আছে, সেগুলোকে নিয়ে আমরা আরও কথা বলার একটা সুযোগ তৈরি করতে পারি। নারীর ওপর সহিংসতার বিষয়টি তো প্রতিদিনের বিষয়, নারীর জীবনের সঙ্গে খুব ওতোপ্রোতভাবে যুক্ত। প্রতিদিনই হয়তো এটা নিয়ে কথা বলা দরকার, কিন্তু দিবসটিকে সামনে রেখে আমরা কর্মসূচি নিতে পারি যেটা মানুষের কানে আরও পৌঁছানো দরকার। রাষ্ট্রীয়ভাবেও এটা পালন করা হয়, কিন্তু ততটা জোরালোভাবে হচ্ছে না। আমরা আমাদের বেসরকারি সংস্থাগুলো আমাদের সীমিত সামর্থ্যরে মধ্যে এটাকে পালন করার চেষ্টা করছি, কিন্তু এটার সঙ্গে যদি সরকারি উদ্যোগগুলো একটু যুক্ত হতো, তাহলে হয়তো এ দিবসটিকে সামনে রেখে আমরা অনেকের কাছে সেই বার্তাটি পৌঁছে দিতে পারতাম যে, আর কোনো নারী নির্যাতন নয়। কারণ বাংলাদেশের পরিসংখ্যান কিন্তু খুবই দুঃখজনক সহিংসতা নিয়ে। ২০২৪ সালে ইউএনএফপিএ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরেছে, তাতে করে আমরা দেখতে পাই যে, ১০০ নারীর মধ্যে ৭৬ নারী জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হয়েছেন। নারীর জীবনের গল্পগুলো আমাদের দেখায় যে, এটা পরিবারে যেমন ঘটে, সমাজে তো ঘটেই। রাস্তাঘাট, কর্মস্থল, যানবাহন এবং সেখানে বয়সের কোনো বাছবিচার নেই। শিশু থেকে বৃদ্ধ, ধনী-দরিদ্র প্রত্যেকেই এটার শিকার এবং জাতি, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে সব নারী এর শিকার হচ্ছেন। কিছু বেসরকারি সংস্থা যেমন আইন ও সালিশকেন্দ্র এটার পরিসংখ্যান করেন। মহিলা পরিষদ বিভিন্ন পত্রিকা থেকে পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু অনেক ঘটনাই আড়ালে থেকে যায়। এর সঙ্গে যেটা এখন আবার নতুনভাবে যুক্ত হয়েছে, আপনি ঘরের মধ্যেই থাকবেন, কোথাও যাবেন না, আপনার কাছে একটা ডিভাইস আছে, এ ডিভাইসটি দিয়ে আপনার সঙ্গে অপরাধ ঘটছে, আপনাকে নির্যাতন করা হচ্ছে, যেটার নাম আমরা সাইবার বুলিং বা অনলাইন হয়রানি বলছি। সে কারণেই আমি মনে করি, এ দিবসটার একটা তাৎপর্য রয়েছে। শুধু দিবসের মধ্যে আটকে থাকলে তো হবে না, এটাকে কার্যকর জায়গায় নিয়ে যেতে হবে। দেশে অনেক আইন আছে, অনেক নীতি আছে কিন্তু বাস্তবায়নগুলো এতটাই দুর্বল যে, সেখানে আমি মনে করি আমাদের একটু সোচ্চার হতে হবে। যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাদের দিয়ে আরেকটু সংবেদনশীল হয়ে নির্যাতন প্রতিরোধে যে দাবিগুলো ইতোমধ্যে আমরা তুলেছি, ৫০ বছর ধরে তুলে আসছি, সেগুলো বাস্তবায়নে আরেকটু মনোযোগী হতে হবে। আমাদের আরেকটু শক্তিশালীভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে কেউ সাহসই না পায় কোনো সহিংসতা করার।’
