Logo
Logo
×

Advertisement

সুরঞ্জনা

১৪ বছরের ঝুমুরের সাহসী প্রতিবাদ

বিয়ে নয়, পড়তে চাই

ইতিবাচক

Icon

নিয়ামুর রশিদ শিহাব

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বয়স সবেমাত্র ১৪। সপ্তম শ্রেণির শিক্ষার্থী। রোল নম্বর ০১। এ বয়সে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনা করা আর নতুন নতুন স্বপ্ন দেখার কথা তার। অথচ সেই বয়সেই বিয়ের পিঁড়িতে বসার আয়োজন চলছিল তাকে ঘিরে। পরিবারের সিদ্ধান্তে নির্ধারণ করা হয়েছিল বিয়ের দিনও। কিন্তু নিজের স্বপ্নকে এভাবে হারিয়ে যেতে দিতে চায়নি মেধাবী কিশোরী ঝুমুর আক্তার। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস না পেলেও তার মনে ছিল পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা। শেষ ভরসা হিসাবে দ্বারস্থ হয় নিজের মাদ্রাসার সুপারের কাছে। হাতে তুলে দেয় একটি লিখিত আবেদন। সেই আবেদনপত্রে ফুটে উঠেছিল একটি কিশোরীর বুকভরা আকুতি। ঝুমুর লিখেছিল, ‘জোরপূর্বকভাবে আমার ইচ্ছার বাইরে বিয়ে ঠিক করেছে। আমার রোল নম্বর ০১। আমি লেখাপড়া করতে চাই। আমি যদি পরিবারের মধ্যে অতিরিক্ত হয়ে থাকি, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে লেখাপড়া করাবে, তবুও এখন আমি বিবাহে বসব না।’

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের মেয়ে ঝুমুর আক্তার। ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। একপর্যায়ে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা লাল মিয়া সরদার। বিয়ের দিন ধার্য করা হয়েছিল ৯ নভেম্বর। কিন্তু বিয়ের মাত্র দুই দিন আগে ঝুমুরের সেই লিখিত আবেদন বদলে দেয় পুরো পরিস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনপত্রটি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসন ও জনপ্রতিনিধিদের। অবশেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক এবং গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বন্ধ হয় বাল্যবিয়ের আয়োজন। ৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে ঝুমুর ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে মেয়েকে বাল্যবিবাহ দেবেন না-এ মর্মে বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় ভিডিও কনফারেন্সে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক। তার সাহসী অবস্থানের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুরকে আর্থিক সহায়তা প্রদান করেন। মাদ্রাসার সুপারও ঘোষণা দেন, তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।

ঝুমুরের বাবা লাল মিয়া সরদার পেশায় দিনমজুর। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তাদের ঘরে থাকা তিন নাতনির পড়াশোনার খরচও তাকে বহন করতে হয়। প্রতিদিনের উপার্জনে সংসার চালাতে গিয়ে মেয়ের পড়াশোনার খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস পাওয়ার পর তিনি আর মেয়েকে বিয়ে দিতে চান না। তার প্রত্যাশা, মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে।

ঝুমুরের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে চরাঞ্চল ও নদীবেষ্টিত জনপদে দারিদ্র্য, যোগাযোগব্যবস্থার দুর্বলতা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সমস্যা, সামাজিক কুসংস্কার এবং সচেতনতার অভাবে অনেক কিশোরীর শিক্ষাজীবন ঝুঁকির মুখে পড়ে। কোথাও অভাবের কারণে, কোথাও নিরাপত্তার উদ্বেগে, আবার কোথাও সামাজিক চাপের কাছে হার মেনে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়।

ঝুমুরের মতো প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মেয়ের জন্য প্রয়োজন নিরাপদ শৈশব, শিক্ষার নিশ্চয়তা এবং নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা। কোনো মেয়ের স্বপ্ন যেন অভাবের কাছে পরাজিত না হয়, কোনো শিশুর হাতে বইয়ের পরিবর্তে যেন তুলে দেওয়া না হয় সংসারের বোঝা। বাল্যবিবাহ বন্ধ হওয়া একটি ইতিবাচক সূচনা। কিন্তু এ সূচনাকে স্থায়ী পরিবর্তনে রূপ দিতে হলে ঝুমুরের মতো প্রতিটি মেয়ের পাশে দাঁড়াতে হবে। কারণ একটি মেয়েকে বাল্যবিবাহ থেকে রক্ষা করা মানে শুধু একটি বিয়ে বন্ধ করা নয়, বরং একটি সম্ভাবনাময় জীবন, একটি পরিবার এবং আগামীর সমাজকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের গুরুত্ব

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের গুরুত্ব

যাই তবু এগিয়ে দাসপ্রথার উত্তরাধিকার থেকে যুক্তরাষ্ট্রের গভর্নর

দাসপ্রথার উত্তরাধিকার থেকে যুক্তরাষ্ট্রের গভর্নর

১৪ বছরের ঝুমুরের সাহসী প্রতিবাদ বিয়ে নয়, পড়তে চাই

বিয়ে নয়, পড়তে চাই

পরামর্শ সফল নারী উদ্যোক্তা হতে চাইলে

সফল নারী উদ্যোক্তা হতে চাইলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম