যাই তবু এগিয়ে
দাসপ্রথার উত্তরাধিকার থেকে যুক্তরাষ্ট্রের গভর্নর
শেখ আব্দুর রহিম
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সংগ্রামের গল্প নতুন নয়। শতাব্দীর পর শতাব্দী বর্ণের তফাতভেদে তাদের পোহাতে হয়েছে কতশত নিপীড়ন। তবে সেই দীর্ঘ পরিক্রমার বৈষম্য ও বঞ্চনার ইতিহাসকে পেছনে ফেলে কিশা ল্যান্স বটমসের রাজনৈতিক উত্থান এক অনন্য উদাহরণ।
দাসপ্রথার অন্ধকার ইতিহাস থেকে উঠে এসে দেশটির রাজনৈতিক ক্ষমতার শীর্ষে আরোহণ, যেন বহুকালের বঞ্চনার বিরুদ্ধে এক শক্তিশালী জবাব। সম্প্রতি জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে কিশা ল্যান্স বটমস দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে কোনো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসাবেও ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার এ বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নারী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দাসপ্রথার ইতিহাস বহনকারী একটি পরিবারের উত্তরসূরি থেকে অঙ্গরাজ্যের সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছানোর এ যাত্রা তার এ অর্জনকে দিয়েছে ভিন্ন মাত্রা।
১৯৭০ সালের ১৮ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন কিশা ল্যান্স বটমস। তার বাবা ছিলেন সংগীতশিল্পী মেজর ল্যান্স। আটলান্টার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা বটমসের পারিবারিক শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের দাসপ্রথার ইতিহাস। কয়েক প্রজন্ম আগে তার পূর্বপুরুষরা দাসত্বের শিকার হয়েছিলেন। সেই ঐতিহাসিক বাস্তবতা ও সামাজিক বৈষম্যের অভিজ্ঞতা তার রাজনৈতিক জীবনকে বিশেষ তাৎপর্য দিয়েছে। শিক্ষাজীবনে তিনি ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। পেশাগত জীবনে আইনজীবী হিসাবে কাজ করার পাশাপাশি বিচারক হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। আইন পেশার অভিজ্ঞতা তাকে নাগরিক অধিকার, বিচারব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচার সম্পর্কে বাস্তব ধারণা দেয়। পরবর্তী সময়ে এ অভিজ্ঞতাই তার রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বটমসের রাজনৈতিক জীবনের সূচনা আটলান্টা সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। ২০০৯ সালে নির্বাচিত হয়ে তিনি ২০১৭ সাল পর্যন্ত নগর পরিষদে দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা তাকে নগরবাসীর সমস্যা, আবাসন সংকট, কর্মসংস্থান ও নাগরিক সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেয়। ২০১৭ সালের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালের ২ জানুয়ারি আটলান্টার ৬০তম মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শহরটির ইতিহাসে দ্বিতীয় নির্বাচিত নারী মেয়র ছিলেন বটমস। তার মেয়াদকাল ছিল নানা সংকটে পূর্ণ। করোনা মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় তাকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তার প্রশাসন সাশ্রয়ী আবাসন, নাগরিক অধিকার, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং নগর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে ২০২২ সালের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব ছাড়েন তিনি।
এরপর জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন বটমস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে হোয়াইট হাউজের জনসম্পৃক্ততা দপ্তরের পরিচালক ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন জনগোষ্ঠী, নাগরিক সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রক্ষায় কাজ করেন তিনি। গভর্নর নির্বাচনের প্রচারে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় কমানো, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেন বটমস। মেডিকেইড সম্প্রসারণ এবং ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি; যা বাস্তবায়ন হলে পরাশক্তির এ দেশের জর্জিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও সহজ করবে। কিশা ল্যান্স বটমসের এ বিজয়ের মধ্য দিয়ে জর্জিয়ার রাজনীতিতে বর্ণ সমতার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সব শ্রেণির মানুষের আস্থা অর্জনই হবে তার বড় চ্যালেঞ্জ। দাসপ্রথার ইতিহাস পেরিয়ে আসা একটি পরিবারের উত্তরসূরির এ অর্জন শুধু যুক্তরাষ্ট্রের পরিবর্তনের প্রতীক নয়, বরং বিশ্বজুড়ে বৈষম্য ও বঞ্চনার শিকার মানুষের জন্যও
এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
