প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন ট্রুডো-পেরি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বেশ কয়েক মাস ধরেই কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরির প্রেম নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছিল। এবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে একসঙ্গে ধরা দিয়ে সম্পর্কের সেই গুঞ্জনে আনুষ্ঠানিক সিলমোহর দিলেন এই তারকা জুটি। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা জানান পেরি। এনডিটিভি, এবিসি নিউজ।
সম্প্রতি কিশিদার বাড়িতে নৈশভোজে অংশ নিতে টোকিও পৌঁছেন এই যুগল। বৃহস্পতিবার আড্ডার সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিশিদা লেখেন, ‘সঙ্গী কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো। তারা আমার স্ত্রী ও আমার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন।’
কিশিদার শেয়ার করা ছবিতে দুই সাবেক রাষ্ট্রপ্রধান এবং তাদের সঙ্গীকে দেখা যায়। এই পোস্টের পরই গোটা নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়।
কিশিদাকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লেখেন, ‘ইউকো (কিশিদার স্ত্রী) আর আপনার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল কিশিদা। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ।’
এছাড়া ট্রুডোও জানান, তার সঙ্গিনী হিসাবে সঙ্গে ছিলেন কেটি পেরি।
প্রেমিক ট্রুডো সম্পর্ক প্রকাশের একদিন পরই নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন কেটি। শনিবার ট্রুডোর সঙ্গে আবেগী মুহূর্তগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেন, টোকিও ভ্রমণ এবং আরও অনেক কিছু। ছবি ও ভিডিওগুলোতে দেখা গেছে, জাপানের টোকিওতে কূটনৈতিক সফর শেষে একান্তে সময় কাটাচ্ছেন ট্রুডো-কেটি। একে অন্যের হাত ধরে কখনও টোকিওর রাস্তায়, কখনও পুতুলের দোকানে, কখনও সুস্বাদু খাবার রেস্টুরেন্টে, কখনও আবার ফুলের দোকানে ঘুরে বেড়াচ্ছেন নতুন জুটি।
গত জুলাইয়ে মন্ট্রিয়ালের এক নৈশভোজের সমুদ্রসফরে প্রথম একসঙ্গে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হন ট্রুডো-কেটি। প্রসঙ্গত, চলতি বছর অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটান কেটি। অন্যদিকে, ২০২৩ সালের ২ আগস্ট স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ট্রুডো।
