যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ২০২৬
সাত মুসলিম প্রার্থীর জয়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষে অন্তত সাতজন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে নতুন মুখ যেমন রয়েছেন, তেমনি পুনর্নির্বাচিত হয়েছেন আগে থেকে দায়িত্বে থাকা চার মুসলিম আইনপ্রণেতাও। তাদের এ জয় মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে। নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা ও ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তার বিরোধিতা ছিল তাদের নির্বাচনি প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়।
ইলহান ওমর : ডেমোক্র্যাট প্রার্থী ইলহান ওমর মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জন নাগেল এবং স্বতন্ত্র প্রার্থী ডিভেল জ্যাকসনকে পরাজিত করেন। ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন ওমর। তিনি দেশটির প্রথম সোমালি-আমেরিকান ফেডারেল আইনপ্রণেতা হন। মানবিক সহায়তা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ওপর নজরদারি জোরদারের পক্ষে কাজ করেছেন।
আদম হামাওয়ে : ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাওয়ে নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান গ্রেগ মেলেকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি কংগ্রেসে নিউ জার্সির প্রতিনিধিত্ব করা প্রথম মুসলিম হিসাবে নির্বাচিত হয়েছেন। হামাওয়ে একজন প্লাস্টিক সার্জন। নির্বাচনি প্রচারে তিনি সবার জন্য মেডিকেয়ার সুবিধা চালুর পাশাপাশি ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন।
রাশিদা তালিব : ডেমোক্র্যাট দলের ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রাশিদা তালিব মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেন। কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য তালিব।
আভিলা শেভালিয়ে ডেমোক্র্যাট প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে প্রতিনিধি পরিষদের একটি আসনে জয় পেয়েছেন। এর আগে গত জুনে দলের প্রাথমিক নির্বাচনে তিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এস্পাইয়াতকে পরাজিত করেন। নির্বাচনে তিনি ৮৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তার নির্বাচনি প্রচারের মূল বিষয় ছিল তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া।
আন্দ্রে কারসন : ডেমোক্র্যাট প্রার্থী আন্দ্রে কারসন ইন্ডিয়ানাপোলিসভিত্তিক ইন্ডিয়ানার সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের আসন ধরে রেখেছেন। নির্বাচনে তিনি রিপাবলিকান প্যাট্রিক ম্যাকঅলি এবং লিবারটেরিয়ান প্রার্থী জেমস সেনিয়াককে পরাজিত করেন। ২০০৮ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করছেন কারসন। প্রতিনিধি পরিষদে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা মুসলিম আইনপ্রণেতা।
লতিফা সাইমন : ডেমোক্র্যাট প্রার্থী লতিফা সাইমন ক্যালিফোর্নিয়ার ইস্ট বে এলাকার ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নিজের আসন ধরে রেখেছেন। নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলেরই প্রতিদ্বন্দ্বী জেমি জয়েসকে পরাজিত করেন।
আব্দুল এল-সায়েদ : ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসাবে ইতিহাস গড়েছেন। সূত্র : আনাদোলু এজেন্সি
