চীনের পান্ডা কূটনীতি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চীনের পাঠানো দুই জায়ান্ট পান্ডা রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে দুদেশের নেতাদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বড় কোনো অগ্রগতি না হলেও প্রতীকী গুরুত্ব ছিল বেশ। মূলত কুটনৈতিক উদ্দেশ্যেই পান্ডা দুটি পাঠানো হয়েছে। পান্ডা দুটির নাম পিং পিং ও ফু শুয়াং। স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে চীনের চেংদু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যানুযায়ী, প্রায় ১৬ ঘণ্টার যাত্রা শেষে রোববার স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে জর্জিয়ার আটলান্টায় পৌঁছায় পান্ডা দুটি। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তাদের এই দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়। যাত্রাপথে পান্ডাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে ছিল ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কচি ডগা ও গাজর। পান্ডা বহনকারী বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ফেডএক্স পরিচালনা করছিল। আলাস্কার কাছাকাছি পৌঁছানোর সময় বিমানটি ফ্লাইট পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এ সবচেয়ে বেশি অনুসরণ করা উড়োজাহাজে পরিণত হয়। আগামী ১০ বছর পান্ডা দুটি থাকবে জু আটলান্টায়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফরের পর ওয়াশিংটনকে এক জোড়া পান্ডা উপহার দিয়েছিল বেইজিং। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্কেও প্রতীকী নতুন অধ্যায়ের সূচনা হয়। সূত্র : এএফপি
