ট্রাম্পকে বিল গেটসের চ্যালেঞ্জ
এআই হুমকি কোনো ভাঁওতাবাজি নয়
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা উঠে এলেও প্রযুক্তিটির বিকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এআই উন্নয়নে বিধিনিষেধ আরোপ করা হলে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। এমনকি এআই নিয়ে গুরুতর আশঙ্কাগুলোকে ‘ভাঁওতাবাজি’ বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এ মন্তব্যের সমালোচনা করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, দ্রুত বিকশিত এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বাধ্যতামূলক নিরাপত্তাব্যবস্থা, নজরদারি ও পর্যবেক্ষণের বিধান থাকা জরুরি।
রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্পের অবস্থান সম্পর্কে জানতে চাইলে বিল গেটস সরাসরি বলেন, ‘না। এটি মোটেও কোনো ভাঁওতাবাজি নয়।’ তার মতে, এআইকে মূলত যুক্তরাষ্ট্র-চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতার দৃষ্টিতে দেখার ফলে প্রযুক্তিটির সক্ষমতা বাড়াতে দ্রুত এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। তিনি এ দৃষ্টিভঙ্গিকে ‘জাতীয়তাবাদী’ বলে উল্লেখ করে বলেন, নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে-এমন ধারণা ঠিক নয়। তার মতে, এআই ব্যবস্থায় নিরাপত্তা ও পর্যবেক্ষণের সক্ষমতা নিশ্চিত করার বাধ্যবাধকতা না থাকা ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ আচরণ।
বেসরকারি এআই কোম্পানিগুলো সম্প্রতি যেসব নতুন সক্ষমতা তৈরি করেছে, সেগুলোর কিছু বিষয়ে মার্কিন সরকারের ‘খুবই কম দক্ষতা’ রয়েছে বলেও স্বীকার করেন গেটস। এ কারণেই এআইয়ের ক্ষেত্রে সরকারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। গেটস বলেন, ‘আমি এবং অন্যরা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টকে যদি বোঝাতে পারি যে এসব ব্যবস্থা জাতিরাষ্ট্রগুলোর প্রতিযোগিতায় আমাদের পিছিয়ে দেবে না, তাহলে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।’
গেটসের এ বক্তব্যের পরও রোববার ট্রাম্প তার অবস্থান আবারও স্পষ্ট করেন। এআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে চিন্তিত নই।’ ট্রাম্পের যুক্তি, এআই উন্নয়নের গতি কমিয়ে দিলে যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত অগ্রাধিকার হারাতে পারে। তার মতে, এআই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে প্রায় ১৮ মাস এগিয়ে আছে। তিনি বলেন, ‘আমরা হয়তো চীনের চেয়ে দেড় বছর এগিয়ে আছি। আমরা নেতৃত্ব দিচ্ছি, তাহলে কেন আমরা সেই অগ্রগতি ছেড়ে দেব?’ এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সমঝোতা গড়ে তোলা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন গেটস। সূত্র: আরটি
