৭০ বছরের দাম্পত্যের অবসান
শতবর্ষী স্ত্রীকে হারালেন মাহাথির
Advertisement
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
থেমে গেল শতবছরের জীবন। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্যের অবসানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে একা করে চিরবিদায় নিলেন তার জীবনসঙ্গী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে কুয়ালালামপুরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে মোখজানি মাহাথির। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নেমে আসে শোকের আবহ।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় মালয়েশিয়ার জনজীবনের অন্যতম পরিচিত এ নারীকে। শেষ শ্রদ্ধা জানাতে মসজিদ থেকে পুত্রজায়ার পুসারা নেগারা পর্যন্ত জড়ো হন রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনীতিক, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ। মাহাথিরকে শান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। সোমবার দুপুরে তামান সুংগাই বেসির মসজিদ আস-শরিফে তার লাশ নেওয়া হয়। বেলা ১টা ১৫ মিনিট থেকেই সেখানে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনদের ভিড় বাড়তে থাকে। লাশ পৌঁছানোর পর মানুষের ঢল নামে। মসজিদের মূল নামাজের কক্ষ পূর্ণ হয়ে গেলে ভিড় ছড়িয়ে পড়ে বারান্দা ও প্রবেশপথ পর্যন্ত। বিপুল জনসমাগমে আশপাশের সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ। মসজিদ আস-শরিফেই সম্পন্ন হয় সিতি হাসমাহর গোসল, কাফন ও জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করা সিতি হাসমাহ মালয়েশিয়ার চিকিৎসা ইতিহাসে অগ্রগামী নারী চিকিৎসকদের অন্যতম। বিশেষ করে গ্রামীণ এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৫৬ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে।
মালয়েশিয়ার রাজনীতি ও রাষ্ট্রীয় জীবনের দীর্ঘ সময়জুড়ে মাহাথিরের পাশে থাকা সিতি হাসমাহর মৃত্যুতে দেশটির রাজনৈতিক, সামাজিক ও রাজপরিবারের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
