বন ছেড়ে লোকালয়ে ভালুকের দাপট
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা তিন দশকে দ্বিগুণের বেশি হয়েছে। সেই সঙ্গে সম্প্র্রতি বেড়েছে মানুষের সঙ্গে ভালুকের সংঘাতও। কোথাও লোকালয়ে ঢুকে পড়ছে ভালুক; কোথাও বা মানুষের ওপর হামলা করছে। পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপের কথা ভাবছেন দেশটির আইনপ্রণেতারা।
রাশিয়াজুড়ে ভালুকের আনাগোনা বোঝার জন্য এরই মধ্যে তৈরি হয়েছে একটি অনলাইন মানচিত্র। ‘হোয়্যারবিয়ার’ নামের স্বাধীন প্রকল্পটি রাশিয়ার বিভিন্ন জায়গায় ভালুক দেখা যাওয়া, হামলা ও তাদের চলাচলের চিহ্নের তথ্য সংগ্রহ করছে। সরকারি সূত্র, সংবাদমাধ্যম, উন্মুক্ত প্রকাশনা ও সাধারণ মানুষের দেওয়া তথ্য এতে যুক্ত হচ্ছে। পরে সেগুলো রাশিয়ার একটি ইন্টার্যাকটিভ মানচিত্রে দেখানো হচ্ছে। তবে এ মানচিত্র ভালুকের গতিবিধি সরাসরি অনুসরণ করে না। কোথায় এবং কখন কোনো ভালুক দেখা গেছে, কোথায় হামলা হয়েছে বা ভালুকের চলাচলের চিহ্ন পাওয়া গেছে- মূলত সেই তথ্যই সেখানে দেখানো হয়। সাধারণ মানুষও নিজেদের দেখা ঘটনার তথ্য জমা দিতে পারেন।
রাশিয়ায় এখন প্রায় ৩ লাখ ৭ হাজার ৯০০টি বাদামি ভালুক রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। এসব ভালুকের সবচেয়ে বড় আবাস সাইবেরিয়া ও রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে। ক্রাসনোইয়ার্স্ক অঞ্চলে রয়েছে প্রায় ২৬ হাজার ৬০০টি ভালুক। খাবারভস্ক অঞ্চলে ২৬ হাজার ২০০টি। কামচাটকায় ২৪ হাজার ২০০টি। এ ছাড়া ইরকুতস্ক অঞ্চলে আনুমানিক ২২ হাজার ৪০০টি এবং ইয়াকুতিয়ায় ১৮ হাজার ৮০০টি বাদামি ভালুক রয়েছে। সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে তাদের সংঘাতও বাড়ছে। কর্তৃপক্ষের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত ভালুকের হামলায় ২২টি অঞ্চলে ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৮ জন। মোট হামলার ঘটনা ৫৯টি। ২০২৫ সালে এমন হামলার সংখ্যা ছিল ৩৪টি। ২০২৪ সালে ছিল ১৯টি। সাম্প্রতিক বছরগুলোতে সাধারণত বছরে ২০ থেকে ৩০টি ভালুকের হামলা নথিভুক্ত হয়েছে। তবে কোনো কোনো বছর পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সূত্র: আরটি নিউজ
