মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে ব্যর্থ প্রচেষ্টার শিকার হওয়া বন্দি ক্রিস্টা পাইকের জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন। হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মঙ্গলবার তার আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
৫০ বছর বয়সি ক্রিস্টা পাইককে গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দিতে দুদফায় পেন্টোবারবিটাল নামের একটি চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়। তবে দুদফা ওষুধ দেওয়ার পরও তিনি বেঁচে যান। এ ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ বিষয়ে শিরোনাম হয়। ক্রিস্টা পাইকের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, ‘সব প্রতিকূলতা পেরিয়ে ক্রিস্টা পাইক এখন জ্ঞানসম্পন্ন অবস্থায় আছেন। কথা বলছেন। চিকিৎসা নিচ্ছেন। তার দুই হাতের মারাত্মক ক্ষতি হয়েছে। এরপরও তাকে বিছানার সঙ্গে হাতকড়া ও শিকল দিয়ে আটকে রাখা হয়েছে।’ আইনজীবীরা বলেন, তার সুস্থ হয়ে ওঠার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নজিরবিহীন। তবে তার পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা এখনো স্পষ্ট নয়। অন্তত দীর্ঘ সময় তাকে চিকিৎসা নিতে হবে বলে তারা মনে করছেন। হাসপাতালের চিকিৎসক ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাইকের আইনজীবীরা। তারা বলেন, চিকিৎসকরা ক্রিস্টাকে একজন মানুষ হিসাবে দেখেছেন এবং তাকে অসাধারণ চিকিৎসাসেবা দিয়েছেন।
