ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথির হামলা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৃহস্পতিবার প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক মন্ত্রী বলেন, হামলাটি আল-মাশিক প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতর থাকা কমান্ড সেন্টারগুলো লক্ষ্য করে চালানো হয়। এ কেন্দ্রগুলো সরকারি বাহিনী ও তাদের সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ব্যবহার করে থাকে।
শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। এতে বলা হয়, সম্প্রতি সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুথিদের ধারাবাহিক হামলার শিকার হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বৃহত্তর যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিবর্তন এসেছে। এ যুদ্ধের সূত্রপাত হয়েছিল গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে।
ইরান-সমর্থিত হুথিরা সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সৌদি আরবের বিমান সহায়তায় সরকারি বাহিনী পালটা আক্রমণ চালালেও এখন পর্যন্ত তারা হুথিদের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, বৃহস্পতিবারের এ হামলায় ৫ জন নিহত এবং ১৬ জন আহত হন। হতাহতদের মধ্যে ওই স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত কর্মী এবং বেসামরিক কর্মচারীরা রয়েছেন। ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানান এএফপির এক সাংবাদিক।
হরমুজে আরেক ট্যাংকারে আগুন : ইরানি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ এলাকা’ অতিক্রম করার চেষ্টাকালে একটি তেল ট্যাংকারে ‘আগুন লেগেছে’। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা জানিয়েছে, ইরানি নৌবাহিনীর নজরদারি দলগুলো ‘নিষিদ্ধ এলাকায় আগুন লাগা একটি নিয়ম লঙ্ঘনকারী তেল ট্যাংকারকে শনাক্ত করেছে’।
