‘সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের অন্দরমহলের জীবন কেমন, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। কঠোর প্রটোকলের মধ্যে থাকায় তাদের জীবনে থাকে না জটিলতা। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক্ষেত্রে হয়তো ব্যতিক্রম। তিনি বলছেন, ঘরের নিজের সব কাজ তিনি নিজেই করেন। কিন্তু এ বর্ণনায় মেকাপ করার প্রসঙ্গ তোলায় তীক্ষ্ম সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে।
জাপানের এ প্রথম নারী প্রধানমন্ত্রী জানান, পুরুষ পূর্বসূরিদের তুলনায় তাকে বেশি সময় কাজ করতে হয়। এর কারণ হিসাবে তুলে ধরেন ঘরের কাজ, সকালের নাশতা তৈরি, থালাবাসন ধোয়া ও মেকআপ করার মতো ব্যক্তিগত দায়িত্বের কথা। বুধবার সংসদে তাকাইচি বলেন, সকালে গোসল করা, নাশতা তৈরি, থালাবাসন পরিষ্কার এবং মেকআপ করতে গিয়ে পুরুষ প্রধানমন্ত্রীদের তুলনায় তার তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় হয়। তাকাইচির এ বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। সমালোচকদের মতে, তার মন্তব্যে নারীদের ঘরের কাজ ও সাজসজ্জার দায়িত্বকে স্বাভাবিক বিষয় হিসাবে তুলে ধরা হয়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জাপানের নারীরা প্রতিদিন গৃহস্থালির কাজে প্রায় পাঁচ ঘণ্টা ব্যয় করেন। বিপরীতে, পুরুষদের ক্ষেত্রে এ সময় গড়ে মাত্র ৪০ মিনিট। কর্মজীবী নারীদের অনেককে চাকরির পাশাপাশি সন্তান লালন-পালন ও বয়স্ক পরিবারের সদস্যদের দেখাশোনাও করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলেছেন, এসব দায়িত্ব সামলে চলা নারীদের চাপ প্রধানমন্ত্রীর অভিজ্ঞতার চেয়েও বেশি হতে পারে। আইনজীবী ফুসাকো মিওয়া বলেন, কাজ ঠিকভাবে সম্পন্ন হলে পুরুষদের তুলনায় বেশি সময় লাগা সমস্যা নয়। সূত্র: এনবিসি নিউজ
