দিল্লিতে পা ফেলবেন না রুবিও
ভারত সফর নিয়ে বিতর্ক
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ভারত সফর করবেন। তবে তিনি দেশটির রাজধানী নয়াদিল্লিতে পা ফেলবেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, রুবিও আজ সোমবার ভারতের আর্থিক কেন্দ্র মুম্বাইতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এরপর গুজরাট রাজ্যের জামনগরে একটি তেল শোধনাগার পরিদর্শন করবেন।
গতকাল রোববার আল জাজিরা এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন-ওয়াশিংটন আশা করছে জয়শঙ্কর রুবিওর সঙ্গে দেখা করতে যাবেন। এ মন্তব্যটি একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলের নেতাদের অভিযোগ, সরকার ভারতের শীর্ষ কূটনীতিককে নিজ ভূখণ্ডেই যেন ‘তলব’ করার সুযোগ করে দিয়েছে। বাণিজ্য, শুল্ক ও রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বিতর্কের সৃষ্টি হলো। রুবিও বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন। রোববার তিনি উজবেকিস্তানের সমরকন্দ থেকে ভারতে আসার কথা রয়েছে। সেখানে তিনি ‘সি৫+১’ শীর্ষ সম্মেলনে মধ্য এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্ব ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গেও কথা বলবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এ আলোচ্যসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুম্বাইয়ে অনুষ্ঠিত আলোচনায় জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা হবে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, জামনগরে রুবিও বিশ্বের বৃহত্তম একক-স্থান শোধনাগারটি পরিদর্শন করবেন, যা বিলিয়নেয়ার মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিচালনা করে। এছাড়া, তিনি আম্বানি পরিবারের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। রুবিও কেন নয়াদিল্লি যাচ্ছেন না, তার কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
