মনিপুরে ফের গোলাগুলি আগুন, হতাহত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে সম্প্রতি সহিংসতা বেড়েছে। রাজ্যের কামজং জেলায় শনিবার গোলাগুলি হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এর আগে সকালে চাসসাদে কুকি ও নাগা সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ৩৬ বছর বয়সী এক কুকি ব্যক্তি নিহত ও চারজন আহত হন। এই ঘটনার পর উত্তেজনা বেড়ে গেলে দুটি তাংখুল নাগা গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, কামজং জেলায় তাংখুল নাগা গ্রামে গোলাগুলির ঘটনাটি সম্ভবত এক কুকি ব্যক্তির মৃত্যু ও চারজনের আহতের ঘটনার প্রতিশোধ হিসাবে ঘটেছে। পরবর্তী গোলাগুলির সময় তিন তাংখুল নাগা ব্যক্তি গুলিবিদ্ধ হন। নাগা ভিলেজ গার্ড-ইস্টার্ন কমান্ড (এনভিজি-ইসি)-এর এক বিবৃতিতে বলা হয়, শনিবার বেলা আড়াইটার দিকে কুকিরা সহযোগীদের নিয়ে কামজং সদরদপ্তরের বসতি এলাকায় কোনো উসকানি ছাড়াই ভারী গুলিবর্ষণ শুরু করে। এতে সাধারণ তাংখুল জনগোষ্ঠীর মধ্যে গভীর আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। বিবৃতিতে আরও বলা হয়, কামজংয়ের বাসিন্দাদের জন্য অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো- চাসসাদে মোতায়েনকৃত ১১ আসাম রাইফেলস (এআর) সদস্যরা কুকি জঙ্গিদের সহায়তা করেছে এবং নাগা বেসামরিক নাগরিকদের ওপর হামলায় মদদ দিয়েছে। আসাম রাইফেলসের সদস্যরা দুটি ‘ক্যাসপির’ সাঁজোয়া যান নিয়ে ভারী গুলিবর্ষণ করতে করতে এগিয়ে আসে এবং কামজং সদরদপ্তরের বেসামরিক এলাকায় বেশ কয়েকটি ‘স্টান বোমা’ নিক্ষেপ করে। এ বোমাগুলো সাধারণ মানুষের বাড়িঘরের ওপর গিয়ে পড়ে এবং কামজং শহরের আশপাশের এলাকায় বেশকিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটায়।
