আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ
গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের আসামে দুদিনে এক হাজারের বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করেছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই বাঙালি মুসলিম। রাজ্যটির নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় এসব অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে ১০টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর মুসলিম মিররের। আসামে বাঙালি মুসলিমদের লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। শনি ও রোববার এ দুদিনের উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক বাড়িঘর ভেঙে ফেলা হয়। উচ্ছেদের আগে অনেক বাসিন্দা তাদের জিনিসপত্র সরিয়ে নেন। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকতে পারে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। অভিযানের দ্বিতীয় দিন রোববার নগাঁও জেলার লুটুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চল কর্তৃপক্ষ ছয় শতাধিক মুসলিম পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেয়। কর্তৃপক্ষের দাবি, পরিবারগুলো বনভূমির জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিল। এর আগেরদিন শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তিন জেলায় ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগাঁও জেলায় ৩৩৬টি, হোজাই জেলায় ১৫২টি এবং গোলাঘাট জেলায় ৫৯টি পরিবার। লুটুমারিতে উচ্ছেদ হওয়া পরিবারগুলো সংরক্ষিত বনাঞ্চলের ৩০০ হেক্টরেরও বেশি জমিতে কয়েক দশক ধরে বসবাস করে আসছিল। স্থানীয় বাসিন্দারা জমি দখলের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, তারা মূলত বন বিভাগের শ্রমিক হিসাবে কাজ করতেন এবং সরকারই তাদের সেখানে বসতি স্থাপনের ব্যবস্থা করেছিল। উচ্ছেদ অভিযানে বাড়ি হারানো আবদুল নূর বলেন, ১৯৭৪ সালে তার পরিবারকে ওই এলাকায় জমি দেওয়া হয়েছিল।
