ভারতের অগ্নিকন্যা নেহা বোরা
বন্ড দেওয়া নিয়ে দিল্লি পুলিশের নোটিশ চ্যালেঞ্জ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত ১২ অক্টোবর ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী যখন দেশের প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে একটি আবেদনপত্র জমা দিতে হাজার হাজার সমর্থকের সঙ্গে সুপ্রিমকোর্টের দিকে পদযাত্রা করছিলেন, তখন তিনি তার সামনে থাকা দুই নারীর কাঁধে হাত রাখেন। তাদের একজন তার ৫৪ বছর বয়সি ছোট বোন প্রিয়াংকা, যাকে রাহুল ‘সবচেয়ে ভালো বন্ধু’ এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বলে অভিহিত করেন। অন্যজন হলেন ২৯ বছর বয়সি এক ছাত্রনেত্রী-নেহা বোরা; কয়েক মাস আগেও কলেজ রাজনীতির বাইরে খুব কম মানুষই তাকে চিনত।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দিল্লির ক্ষমতায় ১২ বছর অতিবাহিত করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ‘জেন-জি’ বা নতুন প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা একটি আন্দোলন প্রথমে তাকে শিক্ষামন্ত্রীকে পদচ্যুত করতে বাধ্য করেছিল-যা ঘটেছিল ধারাবাহিক কিছু পরীক্ষা কেলেঙ্কারির জেরে। বর্তমানে একই আন্দোলন তাকে ভারতের ভোটার তালিকায় বিতর্কিত পরিবর্তনের বিষয়ে চাপে ফেলেছে; এ পরিবর্তনের ফলে ১৩ কোটি মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছেন।
যদিও রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে গত কয়েক মাস ধরে চলা গণবিক্ষোভের ক্ষেত্রে ‘ককরোচ’ নামে একটি ব্যঙ্গাত্মক সংগঠন বিশ্বজুড়ে বেশি শিরোনামে এসেছে। তবুও বামপন্থি ছাত্র সংগঠনের নেত্রী নেহা বোরা দ্রুত এমন এক প্রজন্মের অন্যতম বলিষ্ঠ মুখ হয়ে উঠেছেন, যারা মোদির ক্ষমতার ওপর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
ককরোচ জনতা পার্টির নেতারা যেখানে বিক্ষোভস্থলে বসে থেকেছেন, প্ল্যাকার্ড বহন করছেন এবং দ্রুত পুলিশের হাতে ধরা পড়ছেন, সেখানে নেহা বোরা নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার বিষয়টিকে যেন এক খেলায় পরিণত করেছেন। তিনি এমন সব কৌশল অবলম্বন করেন যা তাকে মোদির নীতি ও নিয়োগের কারণে অসন্তুষ্ট তরুণ প্রজন্মের একাংশের কাছে এক আইকনিক বা জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। সফটওয়্যার ডেভেলপাররা নেহাকে ভিডিও গেমের চরিত্রে রূপান্তর করেছেন, যেখানে তিনি মারিও-স্টাইলের গেমে বাধা টপকে এগিয়ে যান, ‘গণতন্ত্র’ পয়েন্ট সংগ্রহ করেন এবং পুলিশকে এড়িয়ে চলেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নেহাকে দ্রুতগতির ভিডিও ক্লিপ (ফ্যান এডিট) তৈরি করে শেয়ার করছেন-যেখানে তাকে পুলিশের মুখোমুখি হতে দেখা যায়। এগুলো হাজার হাজার মানুষ শেয়ার করেছেন; লাখ লাখ মানুষ দেখেছেন।
