মধ্যপ্রাচ্যে ভয়ংকর রূপে ফিরছে যুদ্ধ
পালটাপালটি হুমকিতে উত্তেজনা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হুমকির মুখে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়ংকররূপে ফিরে আসার শঙ্কা বাড়ছে। সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনের কারণে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন, এ নির্বাচনের পরই তিনি ইরানে হামলা চালাবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায়, মাদার অব অল বোম্বস নামে পরিচিত বিশ্বের বৃহত্তম বোমা দিয়ে তারা ইরানে হামলা চালানোর কথা বিবেচনা করছেন। জবাবে ইরান বলছে, তাদের কাছে আছে নতুন এক অস্ত্র-ফাদার অব অল বোম্বস।
বিশ্লেষকরা মনে করেন, বৃহত্তম বোমা নিয়ে পালটাপালটি হুমকি সম্ভাব্য যুদ্ধের ভয়াবহতাকেই ইঙ্গিত করে; অর্থাৎ সামনে যদি আবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হয়, তবে তা হবে আগের চেয়ে ভয়ংকর। এরই মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানে হামলার হুমকি দিয়েছেন। সেখানে আগামী ২৭ অক্টোবর ইসরাইলে পার্লামেন্ট (নেসেট) নির্বাচন। আর যুক্তরাষ্ট্রে ভোট ৩ নভেম্বর। সুতরাং ইরানে নতুন আক্রমণ দুই নির্বাচনের পরেই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পর ইরানের হামলার পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের মানুষ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ। বিশেষ করে আইওয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রতি সমর্থন অব্যাহতভাবে কমছে। সম্প্রতি রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের জনসমর্থন কমে রেকর্ড ৩১ শতাংশে নেমে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে পরিবারের চার সদস্যসহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল। ওইদিন মিনাব শহরে স্কুলে হামলা চালিয়ে তারা দেড় শতাধিক শিশুকেও হত্যা করে। এর পরই ইরান হামলা চালায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনায়। এতে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় একটি চুক্তি হলেও তা কোনো পক্ষই মানছে না। এবার নতুন হামলা নিয়ে এরই মধ্যে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। হামলা হলে তারা কী পদক্ষেপ নেবে তার একটি পথনকশাও তারা তুলে ধরেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) উদ্ধৃতি দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে তেহরান প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালাতে পারে; পাশাপাশি মার্কিন সামরিক অভিযানের কাজে ব্যবহৃত ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে। এটি তাদের নতুন ‘আক্রমণাত্মক’ কৌশলের অংশ।
বুধবার এ সতর্কবার্তাটি এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা বাড়ছে। সেই সঙ্গে প্রায় আট মাস ধরে চলা যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা নীতি আগে রক্ষণাত্মক ছিল; আমরা বলতাম, কোনো দেশ আমাদের ওপর আক্রমণ করলে আমরা তার জবাব দেব। এখন আমরা বলছি, কোনো দেশ আমাদের ওপর আক্রমণ করলে আমরা শুধু জবাবই দেব না, বরং পালটা আক্রমণও চালাব।’
সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে অতিরিক্ত সেনা ও কর্মকর্তাদের আবার সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাধারণত হামলা শুরুর আগে এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে দেশটি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে এ হামলার পরিকল্পনা করছে।
খুব শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে : ট্রাম্প
বার্তা সংস্থা আনাদোলু জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে কোনো আলোচনা করছে না। যেভাবেই হোক, খুব শিগ্গিই কিছু একটা ঘটতে যাচ্ছে। সাউথ ক্যারোলিনায় এক জনসভা থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় না আমরা কোনো আলোচনা করছি। তবে যেভাবেই হোক, খুব শিগ্গিই কিছু একটা ঘটবে। অনেকেই মনে করছেন যে, এটি নির্বাচনের পরে ঘটবে; দেখা যাক কী হয়।’
সক্ষমতা প্রমাণ করেছি : রেজাই
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হতে দিয়ে যুক্তরাষ্ট্র আসলে একটি ফাঁদে পড়েছে। তার মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ বা ‘ওয়ার অব অ্যাট্রিশন’ (প্রতিপক্ষকে ক্লান্ত ও দুর্বল করার যুদ্ধ) ইরানের জন্য সুবিধাজনক হতে পারে। কারণ ইরানের রয়েছে ভূগর্ভস্থ স্থাপনার এক বিশাল নেটওয়ার্ক এবং সম্পূর্ণ সমন্বিত উৎপাদন কারখানা।
বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী রেজাই বলেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধ ইরানের পক্ষে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাবে। দীর্ঘ যুদ্ধের ক্ষেত্রে মূল প্রশ্ন হলো-কোনো দেশ উৎপাদন, মোতায়েন ও পালটা পদক্ষেপের ধারাবাহিক প্রক্রিয়াটি বজায় রাখতে পারে কি না। আমরা প্রমাণ করেছি যে, আমরা প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম।’
হরমুজে হামলা অব্যাহত
আইআরজিসি-এর নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, অবৈধভাবে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত সন্দেহে চারটি জাহাজে আঘাত হানা হয়েছে, যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। এছাড়া আরও তিনটি জাহাজ প্রণালির পশ্চিমে মাইন বিস্ফোরণের কবলে পড়েছে।
খামেনি সুস্থ আছেন, নেতৃত্ব দিচ্ছেন
ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল্লাহ হাজি সাদেঘি জানিয়েছেন, যুদ্ধের কারণে জনসমক্ষে না এলেও মোজতবা খামেনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন; তিনি সুস্থ আছেন। আল-জাজিরা জানিয়েছে, তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি নতুন কোনো আগ্রাসন চালায়, তবে ইরান তাদের ওপর নজিরবিহীন আঘাত হানবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক ‘পরজীবী’ ধরনের : আরাঘচি
মিডল ইস্ট আই জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ককে ‘পরজীবী’ ধরনের বলে মন্তব্য করেছেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গত তিন বছরে যুক্তরাষ্ট্র ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে তাদের করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে। ইসরাইলকে রক্ষা করতে তারা যে পরিমাণ
ইন্টারসেপ্টর (প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র) ব্যবহার করেছে, তা খোদ ইসরাইলের ব্যবহারের চেয়েও বেশি।’ তিনি বলেন, ‘এটি কোনো পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক নয়; বরং এটি একটি পরজীবী সম্পর্ক।’
