রাজনৈতিক পালাবদলের অপেক্ষায় বিশ্ব
দুই মহাদেশে ভোটের উত্তাপ
নির্বাচনি লড়াইয়ে ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়া
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুই মহাদেশের তিন দেশে গুরুত্বপূর্ণ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। ইউরোপের দুই দেশ সার্বিয়া ও বুলগেরিয়া এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে রোববার ভোট অনুষ্ঠিত হয়েছে। তিন দেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে রয়েছে নানা সমীকরণ ও প্রত্যাশা। ভোটের ফলাফল ও রাজনৈতিক প্রভাব নিয়ে আগ্রহ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। আল জাজিরা, রয়টার্স, বিবিসি।
ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে গুরুত্ব পাচ্ছে ক্ষমতার সমীকরণ, রাজনৈতিক পরিবর্তনের দাবি এবং আঞ্চলিক নিরাপত্তা। ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। অন্যদিকে, সার্বিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচের বিরুদ্ধে লড়েছেন শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাব, কৃষ্ণসাগরে নিরাপত্তা উদ্বেগ ও অর্থনৈতিক চাপের মধ্যেই বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ব্রাজিল-লুলা ও ফ্লাভিওর হাড্ডাহাড্ডি লড়াই : লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থি বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ফ্লাভিও এগিয়ে
ছিলেন। তিনি পেয়েছিলেন ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট, আর লুলা পেয়েছিলেন ৪৫ দশমিক ১৬ শতাংশ। কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে ওঠে।
শেষ দফার জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। দেশটিতে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায় (স্থানীয় সময়), শেষ হয় বিকাল ৫টায়। সোমবার ভোরে ফলাফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সার্বিয়া- ভুসিচের দলকে চ্যালেঞ্জ শিক্ষার্থী-সমর্থিত প্রার্থীদের : ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে আগাম পার্লামেন্ট নির্বাচন। প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ভুসিচের জন্য এ নির্বাচন বড় পরীক্ষা। ২০২৪ সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সরকারবিরোধী এ আন্দোলনে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা নিজেরা নির্বাচনে প্রার্থী হননি। তাদের সমর্থিত তালিকায় ২৫০ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অভিনেতা, কৃষকের মতো বিভিন্ন পেশার মানুষ আছেন। তালিকার নেতৃত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ইলিজা সারদানোভিচ। সার্বিয়ায় স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। চলে রাত আটটা পর্যন্ত। আনুষ্ঠানিক ফল সোমবার প্রকাশ হতে পারে আশা করা হচ্ছে।
বুলগেরিয়া-প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ইউক্রেন যুদ্ধের ছায়া : ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য বুলগেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট। তবে এবারের নির্বাচনে ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই প্রার্থীর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন হামলার ঘটনাও নির্বাচনে বাড়তি গুরুত্ব পেয়েছে। আলোচনায় এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা এবং সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ। গিউরভ ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে তিনি কিয়েভের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করেন। অন্যদিকে ইয়োতোভা যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে। সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত আটটায় শেষ হয়। কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট হবে।
