রাশিয়ায় ৬১৩ ড্রোন হামলা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে রাতভর ৬১৩টি ইউক্রেনীয় ড্রোন ছোড়া হয়েছে। এমনটাই দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। এর মধ্যে ২৩১টি ড্রোন মস্কোর দিকে আসার পথে ধ্বংস করা হয়েছে। রাশিয়ার রাজধানীতে রাশিয়া-আফ্রিকা সম্মেলন চলার মধ্যেই বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান তিনি। খবর এএফপি’র।
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এ সম্মেলনে আফ্রিকার ২২টি দেশের নেতা অংশ নিয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সের্গেই সোবিয়ানিন বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬১৩টি চালকবিহীন আকাশযান (ইউএভি) উড়ে আসে।
তিনি আরও বলেন, দূরবর্তী এলাকায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২৩১টি ড্রোন মস্কোর দিকে আসার পথে ভূপাতিত করা হয়। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের কর্তৃপক্ষও জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় রাশিয়া হামলা চালিয়েছে। এর মধ্যে রিভনে অঞ্চলে একটি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
