ভুয়া জরিপে উত্তপ্ত মার্কিন রাজনীতি
মধ্যবর্তী নির্বাচন ঘিরে নানা উদ্বেগ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে ভুয়া জনমত জরিপ। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের প্রকাশিত জরিপের তথ্য সম্পূর্ণ বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। এসব জরিপের কিছু তথ্য সংবাদমাধ্যম ও জনমত জরিপের ফলাফল সংগ্রহকারী বিভিন্ন ওয়েবসাইটেও জায়গা করে নিয়েছিল। এতে প্রশ্ন উঠেছে, কীভাবে মিথ্যা তথ্য সহজেই বিশ্বাসযোগ্যতা অর্জন করছে এবং রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলছে। রাজনৈতিকভাবে ক্রমেই বিভক্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্রে এসব জরিপ নির্বাচনি তথ্যের বিশ্বাসযোগ্যতা ও ভোটারদের আস্থাকে ঝুঁকির মুখে ফেলছে। খবর আল জাজিরার। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের ভুয়া জরিপ শুধু নির্বাচনি তথ্যের নির্ভরযোগ্যতাই নষ্ট করে না, বরং পুরো নির্বাচনি প্রক্রিয়ার ওপর মানুষের আস্থাও দুর্বল করে দিতে পারে। একই সঙ্গে ভুয়া জরিপের ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক পক্ষগুলো সেটিকে কাজে লাগিয়ে সব ধরনের নির্বাচনি জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। ওয়েজউড পোলস নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে স্বীকার
করেছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য-টেক্সাস, ওহাইও, মিশিগান, কানসাস ও মেইনসহ বিভিন্ন জায়গায় তাদের প্রকাশিত জরিপের ফলাফল ভুয়া ছিল। এর আগে আগস্ট মাসে মিডিয়ান স্ট্র্যাটেজিস নামের আরেকটি প্রতিষ্ঠান তাদের প্রকাশিত জরিপের ফলাফল জাল বলে স্বীকার করে। রাজনৈতিকভাবে ক্রমেই মেরুকরণের দিকে এগিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে পরপর এ ধরনের ঘটনা জনমত জরিপশিল্পের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। ভুয়া জনমত জরিপের প্রভাব শুধু জরিপশিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচনি প্রচার, প্রার্থীদের জনপ্রিয়তা, তহবিল সংগ্রহ এবং ভোটারদের সিদ্ধান্তেও এর প্রভাব পড়তে পারে।
আগাম ভোট ৪ কোটি ৩০ লাখ ছাড়াল : মঙ্গলবার অনুষ্ঠিত হবে নির্বাচন। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন দেশটির ৪ কোটি ৩০ লাখের বেশি ভোটার। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় এবার আগাম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি বেশি। জাতীয় জনমত জরিপে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে নির্বাচনের শেষ মুহূর্তে রিপাবলিকান ভোটারদের সক্রিয় করতে আবারও প্রচার সমাবেশে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ-প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে দুই দলের মধ্যে চলছে শেষ মুহূর্তের লড়াই। নির্বাচনের আগে ভোটারদের সমর্থন আদায়ে উভয় দলই জোর প্রচার চালাচ্ছে।
ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও : মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ চতুর্দশ লিও। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসাবে ইতিহাস গড়েছেন তিনি। শুক্রবার ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের শিকাগোতে নিজের ভোট দিয়েছেন পোপ।
