মণিপুরে থামছে না সহিংসতা
একদিনে আরও ৫ জন নিহত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মণিপুর রাজ্যে সহিংসতা থামছে না। নতুন করে সেখানে একদিনে আরও ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই কুকি সম্প্রদায়ের। শনিবার নোনেই জেলায় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হন। পরদিন বুধবার থেকে নিখোঁজ থাকা আরও দুই কুকি বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে কুকি-জো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের করা সংঘর্ষবিরতি চুক্তি বাতিলের দাবিতে ইম্ফলে বিক্ষোভ করেছেন মেইতেই সম্প্রদায়ের হাজারো মানুষ। খবর হিন্দুস্তান টাইমসের।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রলের প্রতিবেদনে বলা হয়, শনিবার নোনেই জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে তিন কুকি যুবক নিহত হন। তাদের নাম থাংলেনসাং সিংসন, থাংখোসি হাওকিপ ও লাম্মিনসাং কিপগেন। তারা সবাই চুরাচাঁদপুর জেলার বাসিন্দা।
যুগান্তরের কলকাতা প্রতিনিধি জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শনিবার ইম্ফলে বিশাল বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার মানুষ। বাস্তচ্যুত পরিবারগুলোকে ঘরে ফেরানো, জাতীয় নাগরিক পঞ্জি চালু, অসম রাইফেলস প্রত্যাহার এবং উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেনকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হলে রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মিছিলের মূল স্লোগান ছিল-মণিপুরে কথিত ছায়াযুদ্ধ বন্ধ করতে হবে। ২০০৮ সালে দুটি জোট-কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও) ও ইউনাইটেড পিপলস ফ্রন্টের (ইউপিএফ) মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে না।
