আরব দলগুলোকে শর্ত দিলেন আইজেনকোট
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলে দীর্ঘ উপেক্ষিত আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির প্রধান গ্যাদি আইজেনকোটের প্রতি চাপ বাড়ছে। এ নিয়ে ইসরাইলের বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এ অবস্থায় আরব দলগুলোকে কিছু শর্ত দিয়েছেন আইজেনকোট। শর্ত মানলে আরব দলগুলো নিয়ে তিনি সরকার গঠন করবেন। বিশ্লেষকরা মনে করেন, এসব শর্ত ওই দলগুলোর পক্ষে মেনে নেওয়াটা কঠিন হবে। কারণ এগুলোর বিরুদ্ধেই আরব দলগুলো এতদিন লড়াই করে আসছে।
পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া ইয়াশার পার্টির আইজেনকোট ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান। তার নেতৃত্বেই লেবাননে বড় ধরনের হামলা ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। কিছুটা মধ্যপন্থি হলেও নেতানিয়াহুর মতো তিনিও ইসরাইলের সম্প্রসারণবাদে বিশ্বাস করেন এবং ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করেন। গ্যাদি আইজেনকোট বলেন, গত সপ্তাহের নির্বাচনে ইসরাইলের মানুষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে আইজেনকোট বলেন,ইসরাইলের অর্ধেকের বেশি ভোটার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
গত মঙ্গলবার ইসরাইলের পার্লামেন্টের (নেসেট) ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর জোট পায় ৫৩টি; আর ইয়াশার নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। আরব জোট ১৯টি আসন পেয়ে চমক দেখায়। নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। আইজেনকোট বলেন, তিনি একটি বিস্তৃত, জায়নবাদী ও দায়িত্বশীল সরকার গঠন করতে চান। তার নির্ধারিত শর্তগুলো মেনে নিতে রাজি হলে যে কোনো নির্বাচিত আইনপ্রণেতাই সরকার গঠনের সম্ভাব্য অংশীদার হতে পারবেন। নতুন সরকার গঠনে তার প্রধান চারটি শর্ত হলো-ইসরাইলকে ইহুদি, গণতান্ত্রিক, উদারনৈতিক ও সমতাভিত্তিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে; ইসরাইলের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত মূল্যবোধের প্রতি অঙ্গীকার থাকতে হবে; সব নাগরিকের জন্য বাধ্যতামূলক জাতীয় সেবা নিশ্চিত করতে হবে, এ সেবা সামরিক বাহিনী অথবা বেসামরিক কাঠামোর মাধ্যমে হতে পারে এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি দিতে হবে; একই সঙ্গে গাজা উপত্যকায় সংগঠনটির শাসনক্ষমতা ধ্বংসের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আইজেনকোট বলেন, ‘আমরা যে সরকার গঠন করব, তার দরজা এসব নীতি মেনে নেওয়া প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির জন্য খোলা।’
লিকুদ নেতারা ফোন করেছেন, জানাল ইয়াশার : ইয়াশার পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার দিনের বিভিন্ন সময়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন মন্ত্রী ও আইনপ্রণেতা তাদের দলের সদস্যদের ফোন করেছেন।
বিরোধী নেতাদের বৈঠক ও জোট গঠনের আলোচনা : নির্বাচনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বৈঠক করেছেন আইজেনকোট ও বিরোধী দল বি’ইয়াখাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ।
বুধবার আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট : সরকার গঠনের প্রক্রিয়ায় বুধবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করবেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এসব আলোচনায় দলগুলোর প্রতিনিধিরা জানাবেন, প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য তারা কাকে সমর্থন করছেন।
