হরমুজে ফের ট্যাংকারে হামলা
ইয়েমেনে তীব্র হয়েছে লড়াই
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হরমুজ প্রণালিতে আবারও ট্যাংকারে হামলা হয়েছে। অন্তত চারটি ট্যাংকারে হামলা হয়। ইরানের নৌবাহিনী বলছে, হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণের ফলে একটি ট্যাংকারে আগুন লেগে যায়। বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে-‘হরমুজ প্রণালির পূর্বে একটি অনিরাপদ এলাকায় চলাচলরত একটি তেল ট্যাংকার নৌমাইন আঘাতের পর সেটিতে আগুন ধরে যায়।’ ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা জানায়, কাতারের মাদিনাত আশ শামাল শহরের ৫০ নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। সংস্থাটি জানায়, ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২টা ২০ মিনিটে।
ইয়েমেনে লড়াই : ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের ব্যাপক লড়াই চলছে। বৃহস্পতিবার ইয়েমেনের লাহিয গভর্নরেটের আল-মাকাতরা ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে এ তীব্র লড়াই শুরু হয়। তাইজ থেকে আল জাজিরার হাদিল আল-ইয়ামানি জানান, সরকারি বাহিনীর দাবি অনুযায়ী, এ সংঘর্ষে তারা হুথিদের বেশ কিছু সামরিক যান ও সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করেছেন। আল-ইয়ামানি আরও জানান, তাইজ শহরে মানবিক সংকট ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সেখানে হুথিদের অব্যাহত অবরোধ এবং গোলাবর্ষণের ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, মদিনার দিকে ছোড়া হুথি ক্ষেপণাস্ত্রটিকে তারা প্রতিহত করেছেন। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, জোটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মদিনা অঞ্চলের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করেছে। হুথি বারবার পবিত্র দুই নগরীর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি প্রত্যাখ্যান করে আসছে।
সিরিয়া ও সৌদির প্রতিরক্ষা চুক্তি : সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সিরিয়ার জ্বালানি,আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে সৌদি আরবের পক্ষ থেকে ৪০৩ মিলিয়ন ডলারেরও বেশি ঋণ প্রদানের সমঝোতা।
