Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ইসরাইলে সরকার গঠনে এগিয়ে আইজেনকোট

মিত্রেরও সমর্থন হারালেন নেতানিয়াহু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে থাকছে না তার দীর্ঘদিনের মিত্র অতি-গোঁড়া ইহুদিদের রাজনৈতিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। বৃহস্পতিবার দলটি জানিয়েছে, নতুন সরকার গঠনের জন্য তারা নেতানিয়াহুর নাম সুপারিশ করবে না। প্রধানমন্ত্রী পদে কোনো প্রার্থীকেই সমর্থন দেয়নি দলটি। এতে বিরোধী নেতা গ্যাদি আইজেনকোটের সরকার গঠনের সুযোগ আরও বেড়েছে। খবর দ্য টাইমস অব ইসরাইলের।

২৭ অক্টোবরের নির্বাচনের পর বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা করছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ইউনাইটেড তোরাহ জুডাইজম দলটি আগের পাঁচটি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিয়েছিল। কিন্তু এবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তারা নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর নাম সুপারিশ করেনি। দলটির এই সিদ্ধান্তের ফলে বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গ্যাদি আইজেনকোট প্রধানমন্ত্রী পদে সুপারিশ পাওয়ার দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে গেছেন। আরব দল রা’আমের আট আইনপ্রণেতা আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দেওয়ায় তার পক্ষে সুপারিশ করা আইনপ্রণেতার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশকারীর সংখ্যা কমে হয়েছে ৪৬। নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলগুলোর নেতারা। যত দ্রুত সম্ভব নেতানিয়াহুর সরকারের পরিবর্তে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। তেল আবিবের উত্তরে হার্জলিয়া শহরে ইহুদিপ্রধান বিরোধী জোটের নেতারা মিলিত হয়ে একমত হন যে, তাদের সব দল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে প্রধানমন্ত্রী হিসাবে আইজেনকোটের নাম সুপারিশ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াশার পার্টির প্রধান গ্যাদি আইজেনকোট, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান, ডেমোক্র্যাটস পার্টির ইয়াইর গোলান এবং ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়াইর লাপিদ। তবে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠন করা হবে কিনা, তা নিয়ে বিরোধীদের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পের সমর্থন পেয়েও হার

ট্রাম্পের সমর্থন পেয়েও হার

ইসরাইলে সরকার গঠনে এগিয়ে আইজেনকোট

ইসরাইলে সরকার গঠনে এগিয়ে আইজেনকোট

হরমুজে ফের ট্যাংকারে হামলা

হরমুজে ফের ট্যাংকারে হামলা

খবর সংক্ষেপ মার্কিন নিষেধাজ্ঞায় ভারত ও তুরস্ক

মার্কিন নিষেধাজ্ঞায় ভারত ও তুরস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম