ইসরাইলে সরকার গঠনে অনিশ্চয়তা
নেতানিয়াহু-আইজেনকোটের বিরোধ প্রকাশ্যে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত চার বছর যে সংখ্যাগরিষ্ঠতার জোরে তিনি ক্ষমতায় ছিলেন, এবার তা আর ধরে রাখতে পারেননি। তবে নির্বাচনে এগিয়ে থাকা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গ্যাদি আইজেনকোটের জন্যও ক্ষমতায় আসার পথ সহজ নয়। নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেও নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার সিএনএনের এক বিশ্লেষণে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সংখ্যার হিসাবে আইজেনকোটের সামনে আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থান রয়েছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসনের মধ্যে ৬৭টিই তার পক্ষে। কিন্তু এসব আসন এসেছে ছয়টি ভিন্ন মতাদর্শের দলের কাছ থেকে। এসব দলের মধ্যে ডানপন্থি দল যেমন রয়েছে, তেমনি রয়েছে আরব দলও। ফলে তাদের একজোট করে সরকার গঠন এবং সেই সরকার টিকিয়ে রাখাই এখন আইজেনকোটের সবচেয়ে বড় পরীক্ষা। আইজেনকোট রাজনীতিতে নতুন মুখ। অন্যদিকে কয়েক দশক ধরে নিজের জোটের দলগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছেন নেতানিয়াহু। জোটের শরিকদের মধ্যে মতবিরোধ দেখা দিলেও তা সামাল দিয়ে সরকার টিকিয়ে রাখতে তিনি দক্ষ। আইজেনকোটের সেই অভিজ্ঞতা নেই। লক্ষ্য একটাই-নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠন। ইসরাইলের অধিকাংশ নির্বাচনে সাধারণত একটি দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়। নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। যে দল এ সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হন। অন্যদিকে আইজেনকোটের পক্ষে রয়েছে ৬৭টি আসন। তবে তার জোটের সব দল এখনো একসঙ্গে কাজ করতে রাজি হয়নি। এ কারণেই সরকার গঠনের হিসাব জটিল হয়ে উঠেছে।
এছাড়াও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই নিরাপত্তা সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়েছেন নেতানিয়াহু ও আইজেনকট। জরুরি নয়, এমন সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন আইজেনকোট। তার আশঙ্কা, জাতীয় নিরাপত্তার পরিবর্তে রাজনৈতিক বিবেচনা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আইজেনকোটের অভিযোগকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দপ্তর।
