Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ভারত-মার্কিন সম্পর্কে নতুন বাধা

শিখ নেতা পান্নুনের মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধান গোয়েলকে মার্কিন পররাষ্ট্র দফতরের সমন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারত সরকারের কাছে ফেডারেল আদালতের সমন পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপতবন্ত সিং পান্নুনের করা নিউইয়র্ক আদালতের এক মামলার পরিপ্রেক্ষিতে সমনটি গত মাসে পাঠানো হলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। এতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের নাম রয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে নতুন টানাপোড়েনের শঙ্কা সৃষ্টি করেছে।

ভারতের গণমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদন জানায়, মার্কিন পররাষ্ট্র দফতর গত ৯ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠায়; ওই নোটে সাক্ষরের তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২৬। গত ২৮ অক্টোবর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে জমা দেওয়া এক নথিতে মার্কিন পররাষ্ট্র দফতর নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে সমনটি পৌঁছে দেওয়া হয়েছে। ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনি পরামর্শদাতা পান্নুন মামলাটি দায়ের করেন। তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার জড়িত থাকার বিষয়টি সামনে আসার পর তিনি এ পদক্ষেপ নেন। ২০১৯ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট’ বা ইউএপিএ-এর অধীনে এসএফজেকে একটি ‘বেআইনি সংগঠন’ হিসাবে ঘোষণা করেছিল। নিখিল গুপ্তা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনটি অভিযোগে দোষ স্বীকার করে নেন। এর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনা, হত্যার ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্র। পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্রের তদন্তের অংশ হিসাবে ২০২৩ সালের জুন মাসে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে তাকে গ্রেফতার করা হয়; পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুনকে হত্যার করতে নিখিল ভারত সরকারের কর্মকর্তাদের নির্দেশনায় কাজ করেছেন।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে মার্কিন পররাষ্ট্র দফতরের নোট পাঠানোটি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র। পররাষ্ট্র দফতর স্পষ্ট করেছে যে, এ নোট পাঠানোর অর্থ এই নয় যে তারা চলমান দেওয়ানি মামলার বিষয়ে কোনো নির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছেন।

২০২৩ সালে কানাডায় আরেক শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করে অজ্ঞাতরা। তখন কানাডার তৎকালীন জাস্টিন ট্রুডোর সরকার সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থাকে এ ঘটনার পেছনে দায়ী বলে মন্তব্য করে। এ নিয়ে ভারত-কানাডা সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। উভয় দেশই একে অপরের মিশন থেকে কূটনীতিকদের বহিষ্কার বা প্রত্যাহার করে। নিজ্জার হত্যা ও পানুনকে হত্যার ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের কূটনৈতিক সংঘাতে মঞ্চ তৈরি করে। ভারতের বিরুদ্ধে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে গুপ্ত হত্যার চালানোর গুরুতর অভিযোগ ওঠে। তবে নয়া দিল্লি বার বার এ অভিযোগ অস্বীকার করে আসছে। পান্নুন হত্যাচেষ্টার ঘটনা তদন্তে ভারত সরকারের সহযোগিতা চেয়েছিল ওয়াশিংটন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারত-মার্কিন সম্পর্কে নতুন বাধা

ভারত-মার্কিন সম্পর্কে নতুন বাধা

ইসরাইলে সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরাইলে সরকার গঠনে অনিশ্চয়তা

স্পেনে আবাসন সংকটে বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটে বিক্ষোভ

‘এই গ্রহকে হত্যা করা হচ্ছে’

‘এই গ্রহকে হত্যা করা হচ্ছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম