চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী সপ্তাহে চীনে এক ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউজ জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতাদের এমন ত্রিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। খবর বিবিসির।
হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলের শহর শেনজেনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ নেতাদের এই বৈঠক হবে। বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। বৈঠকে ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে মস্কো ও বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে না। আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। সেখানে দুই দিনব্যাপী এপেক সম্মেলনে অংশ নেবেন তিনি।
