দুর্গম পাহাড়ের তুষারেও প্লাস্টিক কণা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষারপাতের সঙ্গে নেমে আসছে হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিক কণা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পর্বতমালার যেসব এলাকায় মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে, সেখানেও তুষারের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক জমা হচ্ছে। এমনকি সড়কপথে পৌঁছানো যায় না, কেবল স্কি করে কিংবা চেয়ারলিফটে চড়ে যেতে হয়-এমন দুর্গম স্থানেও মিলেছে এসব প্লাস্টিক কণা।
গবেষকদের মতে, বিষয়টি শুধু পরিবেশদূষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। সিয়েরা নেভাদার তুষারস্তর ক্যালিফোর্নিয়ার মোট মিঠাপানির প্রায় ৩০ শতাংশের উৎস। শীতকালে পাহাড়ের গায়ে জমে থাকা বরফ গলে পরবর্তী সময়ে নদী ও জলাধারে মেশে। ফলে তুষারের সঙ্গে জমা হওয়া প্লাস্টিক কণাগুলোও একপর্যায়ে পানির এই উৎসে পৌঁছাতে পারে। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের পরিবেশবিষয়ক বিষতত্ত্ববিদ আলেক্সান্দ্রা কারাপেত্রোভা। তিনি তুষারঝড় চলাকালে সিয়েরা নেভাদা পর্বতমালার সাতটি স্থানের তুষারের নমুনা সংগ্রহ করেন। নমুনা সংগ্রহের কাজটি মোটেও সহজ ছিল না। কয়েকটি স্থানে পৌঁছাতে তাকে চেয়ারলিফট ব্যবহার করতে হয়েছে। অন্য দুর্গম স্থানগুলোতে যেতে হয়েছে স্কি করে। কারাপেত্রোভা জানান, গবেষকদের ধারণা ছিল, মানুষের বসতি থেকে অনেক দূরের স্থানে হয়তো প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া যাবে না, অথবা পাওয়া গেলেও পরিমাণ হবে খুবই কম। কিন্তু নমুনা পরীক্ষার পর সেই ধারণা ভুল প্রমাণিত হয়। তার ভাষায়, একটি স্থানে চেয়ারলিফটে চড়ে পৌঁছাতে হয়েছিল। বাকি দুর্গম স্থানগুলোতে যেতে হয়েছে স্কি করে। কিন্তু যত দূরেই গেছেন, প্রতিটি স্থানেই মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের তুষারে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণা হয়েছিল। তবে নতুন গবেষণার বিশেষত্ব হলো, এতে আলাদা আলাদা তুষারঝড়ের সময় কত পরিমাণ প্লাস্টিক কণা জমা হচ্ছে, তা পরিমাপ করা হয়েছে। সূত্র : দ্য আর্থ
