Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ভারত-ইসরাইল সামরিক সম্পর্কে জোয়ার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারত ও ইসরাইলের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে। ইসরাইলের যেসব কোম্পানির সামরিক সরঞ্জাম গাজায় গণহত্যায় ব্যবহৃত হচ্ছে-সেসব কোম্পানি ভারতের স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনা যাচাইয়ে চলতি মাসে দেশটিতে আসছে। আগামীকাল (১৬ নভেম্বর) তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি স্টার্টআপ ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে ২০টি ইসরাইলি কোম্পানির অংশগ্রহণের কথা রয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ‘টি-হাব’ নিজেদের বিশ্বের বৃহত্তম স্টার্টআপ হাব হিসাবে দাবি করে; তারা বিভিন্ন কর্মসূচি, অংশীদারত্ব ও বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ তৈরির মাধ্যমে নতুন উদ্যোক্তাদের সহায়তা দেয়। শুক্রবার মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘বেঙ্গালুরু টেক সামিট’-এ আরও ২৫টি ইসরাইলি কোম্পানির উপস্থিত থাকার কথা রয়েছে। এ সম্মেলনটিকে প্রযুক্তি, বাণিজ্য ও উদ্ভাবনের ক্ষেত্রে এশিয়ার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসাবে গণ্য করা হয়। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে আছে ‘এক্সটেন্ড’। তাদের তৈরি ড্রোন ইসরাইলি বাহিনী গাজায় ব্যবহার করেছে।

এছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে ‘ডাগান-অপটিক্স’। তারা ইসরাইলি সামরিক ইউনিটগুলোকে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। এছাড়া নেটজার প্রিসিশন নামের কোম্পানির তৈরি সেন্সর ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যানে ব্যবহৃত হয়।

এ সম্মেলনগুলোর মূল উদ্দেশ্য হলো ইসরাইলি প্রযুক্তি কোম্পানি ও ভারতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ তৈরি করা। মিডল ইস্ট আই-এর বিশ্লেষণে দেখা গেছে, সম্মেলনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি সরাসরি গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সঙ্গে জড়িত, অথবা দেশটির সামগ্রিক সামরিক-শিল্প কাঠামোর সঙ্গে যুক্ত। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্ব বজায় রাখার অবকাঠামোতেও তাদের সম্পৃক্ততা রয়েছে।

গত তিন বছরে গাজায় অন্তত ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এমন এক সংবেদনশীল সময়ে এ ঘটনাগুলো সামনে এলো, যখন ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ (আইএফএফ) প্রকাশ করেছে যে, ভারতের কেন্দ্রীয় সরকার ও কয়েকটি রাজ্য সরকার ইসরাইলি কোম্পানি ‘সেলিব্রাইট’-এর কাছ থেকে মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছিল।

জানা গেছে, ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনিদের ফোন থেকে তথ্য বের করতে সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; যাদের অনেককেই নির্যাতনের শিকার হতে হয়েছেন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার যে তাদের কর্মী ও সাংবাদিকদের ডিভাইসে প্রবেশের জন্য এ প্রযুক্তি ব্যবহার করেছে, তার নজিরও রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে।

সম্প্রতি ভারতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়। অধিকারকর্মীদের আশঙ্কা, বিক্ষোভের সময় যাদের আটক করা হয়েছিল, তাদের ফোন থেকে অবৈধভাবে তথ্য সংগ্রহের জন্য কর্তৃপক্ষ হয়তো এ প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আইএফএফ-এর অনুসন্ধানে আরও দেখা গেছে, প্রধান বিরোধী দল কংগ্রেস শাসিত রাজ্যগুলোও এ প্রযুক্তি কিনেছে। এটি প্রমাণ করে যে, ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উভয়পক্ষেরই এতে সমর্থন আছে। আইএফএফ-এর এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, ‘ভারতের পুলিশ ও তদন্ত সংস্থাগুলো বিদেশ থেকে নজরদারি ও ফরেনসিক সরঞ্জাম কিনছে, অথচ এসবের ব্যবহারের নিয়মকানুন তৈরির ক্ষেত্রে সংসদ অনেক পিছিয়ে আছে।’ ওই মুখপাত্র আরও বলেন, ‘ভারতে সবার আগে এই ধরনের প্রযুক্তির লক্ষ্যবস্তু হন বিক্ষোভকারী, সাংবাদিক, কাশ্মীরি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ; কারণ তাদের পক্ষে এসব বিষয় শনাক্ত করা বা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সক্ষমতা সবচেয়ে কম।’

সহযোগিতার গতি বৃদ্ধি : গত তিন বছরে ভারত ও ইসরাইলের মধ্যকার সহযোগিতা কেবল সরকারি বিভাগ ও প্রযুক্তি কোম্পানিগুলোর গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ইসরাইলের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করেছে। এমন এক সময়ে এটি ঘটছে, যখন পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন প্রচারণার মুখে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ বাড়ছে। ২০২৪ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-দিল্লি এবং ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি ফলিত গবেষণা চুক্তি সই হয়। একই সময়ে, ভারতের অন্যান্য কয়েকটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিও ইসরাইলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে, হাজার হাজার ইসরাইলি তাদের সামরিক পরিষেবা শেষ করার পর ছুটির দিন কাটাতে ভারতে আসছেন।

জুলাইয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নথিবদ্ধ করেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে ভারত থেকে ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন যন্ত্রাংশ ও উপাদানের অন্তত ২ হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পকে ফের যুদ্ধে নিতে মরিয়া চেষ্টা

ট্রাম্পকে ফের যুদ্ধে নিতে মরিয়া চেষ্টা

ভারত-ইসরাইল সামরিক সম্পর্কে জোয়ার

ভারত-ইসরাইল সামরিক সম্পর্কে জোয়ার

দুর্গম পাহাড়ের তুষারেও প্লাস্টিক কণা

দুর্গম পাহাড়ের তুষারেও প্লাস্টিক কণা

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম