Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ট্রাম্পকে ফের যুদ্ধে নিতে মরিয়া চেষ্টা

ওয়াশিংটন সফরে গেছেন মোসাদের প্রধান * নেতানিয়াহু চান ইরানে হামলা চালাতে, বিরোধিতায় সেনাপ্রধান জামির * আরবদের নিয়ে বর্ণবাদী প্রচার নেতানিয়াহুর, বলছেন আইজেনকোট * সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, চাপে উভয়পক্ষ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে মরিয়া হয়ে উঠেছেন ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটিতে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে গেছেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদপ্রধান রোমান গোফম্যান। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র‌্যাটক্লিফের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। পরে হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, মোসাদপ্রধানের এ যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত ও বিরোধী রাজনৈতিক দল ইয়াশার নেতা গ্যাদি আইজেনকোটকে জানানো হয়নি। বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের নিরাপত্তাবিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানেও সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে জানা গেছে। এমন এক সময়ে গোফম্যান যুক্তরাষ্ট্র সফর করছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। তবে ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার সম্ভাবনা কম। যদিও প্রয়োজন মনে করলে আবারও সামরিক শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প।

আইজেনকোটকে রাজি করাতে পারেননি নেতানিয়াহু : ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের নিরাপত্তা ব্রিফিংয়ে নেতানিয়াহু আইজেনকোটকে ইরানে অবিলম্বে হামলা চালানোর প্রয়োজনীয়তা বোঝাতে ব্যর্থ হয়েছেন। ব্রিফিংয়ের পর শুক্রবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ইসরাইলের নিরাপত্তাকে রাজনৈতিক ফায়দা অর্জনের হাতিয়ার হিসাবে ব্যবহারের যে কোনো প্রচেষ্টা ঠেকাতে সরকারের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে ইরানে অবিলম্বে হামলা চালানোর বিরোধিতা করেছেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানে হামলার পক্ষে আছেন নেতানিয়াহু, মোসাদপ্রধান রোমান গোফম্যান ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি। এ ছাড়া ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান শমুয়েল বেন এজরা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারও হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। জামির মনে করেন, ইরান ইসরাইলের জন্য একটি বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি হলেও তা এতটা জরুরি নয় যে এখনই সামরিক অভিযান চালাতে হবে। বিশেষ করে, এমন কোনো হামলা ইসরাইলে নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা : ইসরাইলে নতুন সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির নেতা আইজেনকোট দায়িত্ব পেলেও এটি এখনো নিশ্চিত হয়নি। আরব দলগুলোকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ছুঁলেও জোট ও জোটের বাইরে থেকে আসা চাপের কারণে তারা সরকার গঠন করতে পারছেন না। এ অবস্থায় আরবদের কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। তবে এর জবাবও দিয়েছেন আইজেনকোট। তিনি নেতানিয়াহুর মন্তব্যকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছেন। শুক্রবার আইজেনকোট বলেন, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরাইলের আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণা চালাচ্ছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পকে ফের যুদ্ধে নিতে মরিয়া চেষ্টা

ট্রাম্পকে ফের যুদ্ধে নিতে মরিয়া চেষ্টা

ভারত-ইসরাইল সামরিক সম্পর্কে জোয়ার

ভারত-ইসরাইল সামরিক সম্পর্কে জোয়ার

দুর্গম পাহাড়ের তুষারেও প্লাস্টিক কণা

দুর্গম পাহাড়ের তুষারেও প্লাস্টিক কণা

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম