Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

ব্রাসেলস সম্মেলনে চুক্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা একটি চুক্তিতে পৌঁছেছেন, যাকে উভয় পক্ষের জন্যই লাভজনক বা ‘উইন-উইন’ হিসাবে অভিহিত করা হচ্ছে। ব্রেক্সিট ভোটের এক দশক পর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম যখন ইউরোপীয় ব্লকের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন, ঠিক তখনই এক শীর্ষ সম্মেলনে শুক্রবার চুক্তিটি সম্পন্ন হলো।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র সিএনএনকে জানান, নতুন এই চুক্তির আওতায় তরুণদের জন্য ইউরোপ মহাদেশে বসবাস, পড়াশোনা ও ভ্রমণের সুযোগ তৈরি হবে। এছাড়া, এতে কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাকে সংযুক্ত করা এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ‘যুগান্তকারী’ এ চুক্তিকে স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, এটি ‘পুরানো বন্ধুদের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার মাধ্যমে গত এক দশকের অনিশ্চয়তা ও বিভাজনের অধ্যায়ের সমাপ্তি ঘটাচ্ছে।’

ব্রাসেলস শীর্ষ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্রেক্সিটের পর ১০ বছর পেরিয়ে গেছে। তবে আমি আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি, আজকের দিনটি ব্রিটেন ও ইউরোপ- উভয়ের জন্যই একটি ভালো দিন। আমরা যে চুক্তিতে পৌঁছেছি, তা উভয় পক্ষের জন্যই লাভজনক।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন অর্থনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবৈধ অভিবাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতার সুযোগ তুলে ধরেন। ব্রিটেনের বার্তাসংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন যে, এই চুক্তিটি যুক্তরাজ্য-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ বা গুরুত্বপূর্ণ মোড় হিসাবে চিহ্নিত হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসে ইইউর এ সম্মেলনের আগে বার্নহাম ব্রেক্সিটের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে ব্রিটেন যতটা না পেয়েছে, তার চেয়ে বেশি হারিয়েছে।

তিনি এটাকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন। তার পূর্বসূরী কিয়ার স্টারমারও ইউরোপের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পক্ষে ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) মূলত দেশটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। রক্ষণশীল প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলে এ ব্রেক্সিট হওয়ার পর থেকে ব্রিটেনে শুরু হয় অর্থনৈতিক মন্দা। সে সঙ্গে দেশটির রাজনীতিতেও দেখা গেছে টালমাটাল অবস্থা। গত এক দশকে ব্রিটেনে পাঁচ

জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছেন। সব মিলিয়ে দেশটি বড় ধরনের সংকটে পড়ে। এ বাস্তবতায় ব্রিটিশদের কাছে পরিষ্কার হয় যে, ব্রেক্সিট ছিল ভুল সিদ্ধান্ত।

সম্প্রতি ব্রেক্সিটে রাশিয়ার ষড়যন্ত্র ছিল বলেও দাবি করছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতারা। তারা বলছেন, ইউরোপ থেকে আলাদা করে ব্রিটেনকে দুর্বল করাই ব্রেক্সিটের লক্ষ্য। তবে বিশ্লেষকরা গুরুত্ব দিচ্ছেন আরেকটি বিষয়ের ওপর। তাদের মতে, ব্রেক্সিটের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ছিল; বিশেষ করে ইলন মাস্কের মতো ধনকুবেররা এর সমর্থন করেছেন। কিন্তু সম্প্রতি নানা বিষয়ে ব্রিটেনের পাশে নেই যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়ে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেও সেখানে ছিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া ইউক্রেনের সঙ্গে রাশিয়ার লড়াইয়েও ইউরোপ পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্রকে। সব মিলিয়ে ইউরোপের সঙ্গে যে নীরব অন্তর্ঘাত চলছে যুক্তরাষ্ট্রের, তার অংশ হয়েছে ব্রিটেনও। তারা দৃড়ভাবে ইউক্রেনের পাশে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম