ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে
বিরোধী জোট ভেঙে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে দেশটির বিরোধী দলগুলো। কিন্তু নতুন সরকার গঠনের আলোচনা শুরুর আগেই জোটের ভেতরেই দেখা দিয়েছে মতপার্থক্য ও অবিশ্বাস। অভিযোগ উঠেছে, বিরোধীদের ঐক্যে ফাটল ধরাচ্ছেন নেতানিয়াহুই। বিশেষ করে বিরোধী জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে তার সাম্প্রতিক এক বৈঠক নতুন করে প্রশ্ন তুলেছে-নেতানিয়াহুকে হটানোর লক্ষ্য পূরণে শেষ পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারবেন কি বিরোধীরা?
আল জাজিরা জানায়, গত বুধবার বেনেটের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক করেন নেতানিয়াহু। ওই বৈঠককে ‘নিরাপত্তা-বিষয়ক ব্রিফিং’ হিসাবে উল্লেখ করেছে নেতানিয়াহুর দপ্তর। তবে বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নেননি বিরোধী জোটের নেতারা। বরং গ্যাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের একাধিক সূত্র বৈঠকটিকে ‘কৌশলগত বিপর্যয়’ হিসাবেই দেখছে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, বৈঠকের বিষয়ে আগে থেকে আইজেনকোটকে কিছু জানাননি বেনেট। বিরোধী জোটের এক জ্যেষ্ঠ নেতা ওয়াইনেটকে বলেন, ‘বেনেটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে থাকা বিরোধী জোট ভেঙে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।’ অথচ বেনেটসহ জোটের একাধিক নেতা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না।
বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য নতুন নয়। গত আগস্টে অতি-রক্ষণশীল ইহুদিদের জন্য সীমিত সামরিক প্রশিক্ষণ অব্যাহতির প্রস্তাব দিয়েছিলেন আইজেনকোট। কিন্তু বেনেট সেই প্রস্তাবকে ‘ভয়াবহ ভুল’ বলে প্রত্যাখ্যান করেন। তার আশঙ্কা ছিল, অতি-রক্ষণশীল রাজনৈতিক নেতা আরিয়েহ দেরি ও মোশে গাফনি এ সুযোগে আইজেনকোটকে রাজনৈতিকভাবে চাপে ফেলবেন। এর জবাবে আইজেনকোট বেনেট ও লিবারম্যানের সমালোচনা করে তাদের ‘পুরোনো রাজনীতির’ চর্চার অভিযোগ তোলেন।
এছাড়া নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিরোধী জোটের ডানপন্থি ও ধর্ম নিরপেক্ষ রাজনীতিক লিবারম্যান আইজেনকোটের বিরুদ্ধে অভিযোগ করেন, আইজেনকোট গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংগরিষ্ঠতা পায়নি কোনো দলই। নতুন সরকার গঠনে আইজেনকোট দায়িত্ব পেলেও বিরোধীদের মতপার্থক্যের জন্য অনিশ্চয়তা কাটেনি এখনও।
আদর্শগতভাবে কতটা ঐক্যবদ্ধ বিরোধী জোট : গাজায় ইসরাইলের যুদ্ধের শুরুতে জোটের সব সদস্যই যুদ্ধকে সমর্থন করেছিলেন। একইভাবে ইরান ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইসরাইলের হামলার পক্ষেও ছিলেন তারা। তবে ইসরাইলের অভ্যন্তরীণ নীতি নিয়ে তাদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে। আইজেনকোট এবং বেনেটের নির্বাচনি জোটসঙ্গী ইয়াইর লাপিদকে তুলনামূলক মধ্যপন্থি হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে বেনেট ও লিবারম্যান স্পষ্টতই ডানপন্থি রাজনীতির অনুসারী। তবে ধর্মীয় প্রশ্নে তাদের অবস্থান আলাদা। বেনেট ধর্মীয় জাতীয়তাবাদী রাজনীতির সমর্থক। আর রুশভাষী লিবারম্যান কট্টর ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী। ইসরাইলের প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে তার অবস্থানের বিরোধ রয়েছে। জোটের মধ্যে সবচেয়ে আলাদা অবস্থানে রয়েছেন বামপন্থি নেতা ইয়াইর গোলান। তিনি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতারও কঠোর সমালোচক তিনি।
ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় পরীক্ষা : নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যই ইসরাইলের বিরোধী দলগুলোকে এক জায়গায় এনেছে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করা, আরব দলগুলোর সমর্থন নেওয়া, অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সামরিক প্রশিক্ষণ নিয়ে মতপার্থক্য দূর করা- প্রতিটি ক্ষেত্রেই এখনো বড় বাধা রয়েছে।
