Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানে ৯ মাস আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর যে যুদ্ধ শুরু হয়, কার্যত তা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় নিয়ে আসে। এ যুদ্ধ কবে শেষ হবে, সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী। যুদ্ধ শেষ হলে আসবে ভূরাজনৈতিক পরিবর্তন, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের সমীকরণও বদলাবে। পাশাপাশি ডলারের নির্ভরতা কমবে; ত্বরান্বিত করবে বৈশ্বিক প্রবৃদ্ধি।

শনিবার জাপান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা এখন ইরান যুদ্ধের সমাপ্তি-পরবর্তী পরিস্থিতির দিকে নজর দিচ্ছেন। বিশেষ করে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুদ্ধটি ‘কার্যত শেষ’ হয়ে গেছে।

ইরান যুদ্ধের সমাপ্তি বিশ্ব অর্থনীতি ও আর্থিক বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। প্রথমত, এ যুদ্ধের ফলে উপসাগরীয় দেশগুলো-যারা অন্যান্য আরব অর্থনীতির সঙ্গে মিলে বৈশ্বিক জিডিপির প্রায় ৫ শতাংশ গঠন করে-২০০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। সংঘাতটি শেষ হলে তা অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৈশ্বিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

যুদ্ধপরবর্তী শক্তিশালী পুনরুদ্ধারের সম্ভাবনা মধ্যপ্রাচ্যে বিনিয়োগ পুঁজিকে আকৃষ্ট করবে। যুদ্ধের কারণে নিরাপত্তাব্যবস্থায় যে ঘাটতিগুলো উন্মোচিত হয়েছে, তা পূরণের জন্য সরকারগুলো প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করবে। এছাড়া ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় হবে শত শত বিলিয়ন ডলার। ফলে যে পরিমাণ পুঁজি এই অঞ্চলে প্রবেশ করবে, তা অনিবার্যভাবে প্রধান রিয়েল এস্টেট বা আবাসন সম্পদের দাম বাড়িয়ে দেবে।

মধ্যপ্রাচ্যের সার্বভৌম সম্পদ তহবিল এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন যুক্তরাষ্ট্র থেকে নতুন বিনিয়োগ সরিয়ে নেবেন, অথবা তাদের হাতে থাকা ডলারের পরিমাণ কমিয়ে দেবেন, তখন ‘ডি-ডলারাইজেশন’ বা ডলার-নির্ভরতা কমানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। বৈশ্বিক বিনিয়োগকারীরা ইতোমধ্যে ডলারভিত্তিক সম্পদে তাদের বিনিয়োগ কমিয়ে আনছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের হিস্যা ছিল ৫৬ দশমকি ৭ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৫৭ দশমিক ২ শতাংশ। এছাড়া ২০২৫ সালে বিশ্বজুড়ে স্বর্ণের রিজার্ভ বিভিন্ন দেশের সরকারের হাতে থাকা মার্কিন ট্রেজারি বন্ডের পরিমাণকে ছাড়িয়ে গেছে, যদিও এর প্রধান কারণ ছিল বেসরকারি খাতের ব্যাপক কেনাকাটার ফলে স্বর্ণের দাম বেড়ে যাওয়া।

মধ্যপ্রাচ্য থেকে পুঁজি প্রত্যাহার করা হলে যুক্তরাষ্ট্রে পুঁজির সরবরাহ কমে যাবে। ফলে সব ধরনের ঋণের ব্যয় বেড়ে যাবে। মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা কমে গেলে সেগুলোর ইল্ড বা মুনাফার হার বৃদ্ধি পাবে; এর ফলে ফেডারেল সরকারের জন্য তাদের ৪০ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধের অর্থায়ন করা আরও ব্যয়বহুল হয়ে পড়বে।

যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে। অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যাস, সার, হিলিয়াম ও বিভিন্ন শিল্প-রাসায়নিক পুনরায় এ প্রণালি দিয়ে চলাচল শুরু করবে। ফলে পণ্যের দাম কমতে পারে এবং মুদ্রাস্ফীতির চাপও হ্রাস পেতে পারে। এটি মার্কিন সুদের হারের ওপর ঊর্ধ্বমুখী চাপ কমিয়ে ঋণের ব্যয় বৃদ্ধির প্রবণতাকে রোধ করতে সহায়তা করতে পারে।

হিলিয়ামের কথাই ধরা যাক, যা সেমিকন্ডাক্টর উৎপাদন এবং চিকিৎসা সরঞ্জাম তৈরির জন্য একটি অপরিহার্য উপাদান। কাতার বিশ্বের মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে। হরমুজ প্রণালি দিয়ে পুনরায় পণ্য পরিবহণ শুরু হলে এর দাম কমে আসবে; তবে ক্ষতিগ্রস্ত স্থাপনা ও অবকাঠামো মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে সরবরাহব্যবস্থা আগের অবস্থায় ফিরে আসতে কয়েক বছর লেগে যেতে পারে।

এর পাশাপাশি রয়েছে ভূরাজনৈতিক প্রভাব। যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি পুনর্গঠনে ধীরগতি দেখায় এবং উপসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহার করে নেয়, তবে চীন দ্রুত সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসবে। উপসাগরীয় দেশগুলো হয়তো তুরস্ক বা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের দিকে ঝুঁকতে পারে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেলে ভারতের জন্যও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার যৌক্তিকতা আরও কমে যাবে।

যদি আগামীকালই যুদ্ধ শেষ হয়ে যায়, তবুও বিশ্ব অর্থনীতি আগের অবস্থায় ফিরে যাবে না। বরং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্নরূপ নেবে। আন্তর্জাতিক বাণিজ্য, পণ্যের মূল্য, বিনিয়োগপ্রবাহ ও আর্থিক বাজারের ওপর এর প্রভাব অনেক দিন অনুভূত হতে থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

যুদ্ধের পর কেমন হবে বিশ্ব অর্থনীতি

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ইসরাইলে কি বিরোধীরা একাট্টা থাকতে পারবে

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

ব্রিটেন কেন ইইউতে ফিরতে মরিয়া

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

যুক্তরাষ্ট্রে নিখিলের ১৯ বছরের জেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম