সৌদিতে একাধিক ড্রোন হামলা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর সৌদি আরবে একাধিক ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ড্রোন ঠেকিয়েছে। একইভাবে লোহিত সাগরের বন্দরগুলোতে পালটা আঘাতের হুমকি দিয়েছে হুথিরা। সৌদির পূর্বাঞ্চলের রাস তানুরায় বুধবার সকালে চারটি ড্রোন ধ্বংস করার কথা জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। তবে প্রাথমিক মূল্যায়নে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরা ও মিডল ইস্ট মনিটরের।
এর আগে পূর্বাঞ্চলেই আরও তিনটি ড্রোন ভূপাতিত করার কথা জানান মালিকি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা হোদেইদায় হামলা চালিয়েছে। এরপরই সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পালটা হামলার হুমকি দেয় হুথিরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির এক বিবৃতিতে জেদ্দাসহ সৌদি আরবের বন্দরগুলোতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বন্দরগুলোর কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি জাহাজগুলো সরিয়ে নিতে নৌপরিবহণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। হুথি ও সৌদি আরবের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। দুপক্ষের হামলায় কৌশলগত অবকাঠামো ক্রমেই বেশি লক্ষ্যবস্তু হচ্ছে। মঙ্গলবার হুথিদের একটি ড্রোন রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে আঘাত হানে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে অন্তত ১১ জন আহত হন। এর আগে গত বৃহস্পতিবারও ভবনটিতে হামলা হয়।
হরমুজে চতুর্থ তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণ : হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ জলসীমায় নৌমাইনে আঘাতের পর মঙ্গলবার চতুর্থ একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরত্বপূর্ণ নৌপথটিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আইআরজিসির উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে নৌমাইনে আঘাতের পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লাগে। এর কিছুক্ষণ আগে একই নৌবাহিনী জানিয়েছিল, হরমুজের পূর্বে আরও দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুনে পুড়েছে।
