ভারত-পাকিস্তান সম্পর্কে বরফ গলছে
বৈঠকে দিল্লিকে আমন্ত্রণ ইসলামাবাদের
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তা কিছুটা কাটতে শুরু করেছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে একাধিক আঞ্চলিক বৈঠকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি ঘিরে দুদেশের কূটনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
সদ্য নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর সভ্যতা সংলাপে যোগ দিতে এসেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়কমন্ত্রী মুসাদিক মালিক। এবার পাকিস্তানের সভাপতিত্বে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিকমন্ত্রীদের বৈঠক। এতে ভারতকে আমন্ত্রণ
জানানোর প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। শুধু তাই নয়, আগামী বছরের শেষ দিকে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে পাকিস্তানের। তবে পাকিস্তানের আমন্ত্রণে মোদি নিজে ইসলামাবাদে যাবেন কি না, তা নিশ্চিত হয়নি।
কূটনৈতিক মহলের একাংশের ধারণা, মোদি সফর না করলেও ভারতের পক্ষ থেকে কোনো জ্যেষ্ঠ মন্ত্রীকে পাঠানো হতে পারে। এক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নাম। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সহযোগিতার স্বার্থে বহুপক্ষীয় মঞ্চে যোগাযোগ রাখার প্রয়োজন রয়েছে। তবে সেই যোগাযোগকে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসাবে দেখার সুযোগ নেই। ফলে পাকিস্তানের আমন্ত্রণ ঘিরে ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।
মোদির আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল-এইচআরডব্লিউ
নরেন্দ্র মোদি সরকারের গত এক দশকের শাসনামলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার রক্ষার ব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, সংসদীয় গণতন্ত্রের চর্চা সংকুচিত করা, বিরোধীদের দমন ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের মাধ্যমে ভারতের গণতান্ত্রিক কাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে। গত ২৩ নভেম্বর প্রকাশিত ‘আমরা কোন গণতন্ত্রের কথা বলছি’ শীর্ষক প্রতিবেদনে মোদি সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান এবং মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার স্বাধীনতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচার বিভাগের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, আইনের শাসন ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করায় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংকুচিত হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বিচারক ও সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়।
