মিস ইউনিভার্সের মুকুট বিবাহিতা বারেটোর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো জিতেছেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট। নিজ মাটিতে এ জয়ের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতার আরেকটি বিতর্কিত বছর। গত বছরের ভোট কারচুপির অভিযোগের ছায়া ছিল এবারের আসরেও। তবে মঙ্গলবার রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলেন ২৭ বছরের এ সমাজকর্মী। বিয়ের পর বা সন্তান জন্ম দেওয়ার কারণে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিষেধাজ্ঞা তিন বছর আগে তুলে নিয়েছিলেন আয়োজকরা। এরপর বিবাহিত নারী ও মা হিসাবে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতলেন বারেটো।
মঙ্গলবার সন্ধ্যার প্রতিযোগিতা শুরু হয় প্রাথমিক বাছাই দিয়ে। বিভিন্ন প্রাথমিক পর্বে বিচারকদের নম্বরের ভিত্তিতে প্রতিযোগীদের বাদ দেওয়া হয়। এরপর ৩০ জন প্রতিযোগী মঞ্চে সাঁতারের পোশাক পর্বে অংশ নেন। সেখান থেকে ১২ জন এগিয়ে যান সন্ধ্যার পোশাক প্রদর্শনীতে। শেষ পাঁচ প্রতিযোগীকে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন ছিল মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা ও বিশ্বনেতাদের কাছ থেকে মানুষের প্রত্যাশা নিয়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের মধ্যে কোনো মানবিক মূল্যবোধ কখনো হারানো উচিত নয়-এমন প্রশ্নের জবাবে বারেটো স্প্যানিশ ভাষায় বলেন, ‘সবচেয়ে ভালো হলো এটি দায়িত্বশীলভাবে ব্যবহার করা।’ তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকিতে ফেলে, তাহলে সেগুলো কখনোই প্রকৃত মূল্যবোধ ছিল না। মূল্যবোধ প্রকাশ পায় আমরা যা বলি এবং যা করি, তার মধ্যে সামঞ্জস্যের মাধ্যমে। বিশেষ করে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে উঠলে।’
চূড়ান্ত অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হলেও প্রতিযোগিতার আগে কয়েক মাস ধরে নানা বিতর্ক চলেছে। নেপাল ও আফ্রিকার পাঁচ দেশের সুন্দরীরা যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জটিলতা বা বিলম্বের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। আফ্রিকার দেশগুলোর মধ্যে দক্ষিণ সুদান ও কঙ্গো প্রজাতন্ত্র প্রথমবারের মতো অংশ নেওয়ার কথা ছিল।
অন্যদিকে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন এবং থাই ব্যবসায়ী নাওয়াত ইৎসারাগ্রিসিলের মধ্যে চলমান চুক্তিগত বিরোধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের প্রতিনিধি চূড়ান্ত পর্বে ছিলেন না। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। সূত্র : সিএনএন
