জাতিসংঘ মহাসচিব নির্বাচন
নুসেইবেহে আলো, ফিলিস্তিনি পরিচয়ই কি বাধা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘ পরবর্তী মহাসচিব পদে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহের প্রার্থিতা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত এ কূটনীতিক ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বক্তব্য দিয়েছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর কূটনৈতিক উদ্যোগেও তার ভূমিকা ছিল। তবে সুদানের গৃহযুদ্ধে ইউএইর কথিত ভূমিকা এবং ইসরাইলের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে নুসেইবেহের প্রার্থিতা ঠেকাতে ব্রিটেনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু ব্রিটেনের অ্যান্ডি বার্নহামের সরকার তার প্রতি সমর্থন প্রকাশে অনড় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, লানা জাকি নুসেইবেহ ১৯৭৮ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জন্মগ্রহণ করেন। তার পরিবার ফিলিস্তিনের জেরুজালেমের পুরোনো পরিবারগুলোর একটি। তার বাবা জাকি নুসেইবেহ ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর আবুধাবিতে চলে যান। নুসেইবেহ যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে কর্মজীবন শুরু করেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ইউএই’র পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে জাতিসংঘে ইউএই’র স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ পান। এই পদে তিনিই ছিলেন প্রথম নারী। নুসেইবেহের কূটনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ ফিলিস্তিনের অধিকার নিয়ে তার বক্তব্য। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইউএই’র পক্ষে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, আন্তর্জাতিক আইন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। নুসেইবেহের প্রার্থিতার সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে সুদানের গৃহযুদ্ধে ইউএই’র কথিত ভূমিকা। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। ইউএইর বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র, অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। ইউএই অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
