অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য
ফিলিস্তিনি বন্দি নির্যাতন অনুমোদন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতনকে ‘আনুষ্ঠানিকভাবে অনুমোদন’ দেয়-এমনই উঠে এসেছে একটি প্রতিবেদনে। ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরাইল’ (পিসিএটিআই) গত এক দশকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে করা ৪২টি অভিযোগ পর্যালোচনা করেছে। এ প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অনেক ক্ষেত্রে তারা সরকারি নথিতেই এ নির্যাতনের কথা উল্লেখ করেছেন, অথবা জিজ্ঞাসাবাদের সময় ‘বিশেষ পদক্ষেপ’ গ্রহণের জন্য আগাম অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান জানায়, প্রতিবেদনে বলা হয়েছে-এ বিপজ্জনক চর্চাটি বিচারিক প্রক্রিয়ায় এমন ত্রুটি ঘটাতে পারে যা আর সংশোধন করা সম্ভব নয়। বিশেষ করে যখন ইসরাইল ফিলিস্তিনিদের লক্ষ্য করে একটি বর্ণবাদী নতুন মৃত্যুদণ্ড আইন কার্যকর করার পথে এগিয়ে যাচ্ছে, তখন এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত এক দশকে পিসিএটিআই ফিলিস্তিনিদের করা ৪২টি অভিযোগ পর্যালোচনা করেছে, যেখানে তারা ‘শিন বেত’ কর্মকর্তাদের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে।অভিযোগকারীদের তিন-চতুর্থাংশের বেশি জানান, ‘নির্যাতন বা অন্যান্য অবৈধ পদ্ধতি’ প্রয়োগের পরই তারা স্বীকারোক্তি দিতে বাধ্য হন। এছাড়া প্রতি ১০ জনের মধ্যে একজন জানান, নির্যাতনের মুখে তারা অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অপরাধমূলক সাক্ষ্য দিতে বাধ্য হয়েছেন। পিসিএটিআই-এর নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ‘ফিলিস্তিনি বন্দিদের ক্ষেত্রে ইসরাইলি আইনি ব্যবস্থা স্বীকারোক্তি আদায়ের হাতিয়ার হিসাবে নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়-সেসব স্বীকারোক্তির বিষয়বস্তু সত্য কি না, তা এখানে বিবেচ্য নয়।’ তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদের হাতিয়ার হিসাবে নির্যাতন ব্যবহার করাটা অত্যন্ত জঘন্য বিষয়, বিশেষ করে যখন ১৯৬২ সালের পর প্রথমবারের মতো ইসরাইলে মৃত্যুদণ্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’ দীর্ঘ বছর ধরে শত শত সাক্ষ্যে ফিলিস্তিনি বন্দিরা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন যে, জিজ্ঞাসাবাদের সময় তাদের ওপর চরম মাত্রায় ঘুমের ব্যাঘাত ঘটানো, শারীরিক সহিংসতা (যেমন চড় মারা বা লাথি মারা), হুমকি প্রদান, যৌন সহিংসতা এবং দীর্ঘক্ষণ কষ্টদায়ক শারীরিক অবস্থানে (স্ট্রেস পজিশন) আটকে রাখার মতো নির্যাতন চালানো হয়েছে।
গাজায় নিহত আরও ১০ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হন ১২ জন। নিহতদের মধ্যে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা, তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের পর যখন বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য দুলছে, তখন গাজায়ও বেড়েছে হামলার তীব্রতা। জীর্ণ তাঁবুতে ক্ষুধা ও শীতে চরম দুর্বিসহ জীবনযাপন করা গাজায় দুই দিনে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ১৯ জন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ৭৪ হাজার ৭৭২ জন নিহত ও ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন আহত হয়েছেন।
