Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

হালফিল বয়ান

রাজনীতিতে গরম হাওয়া : উত্তরণে ঐক্য জরুরি

Icon

ড. মাহফুজ পারভেজ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজনীতিতে গরম হাওয়া : উত্তরণে ঐক্য জরুরি

Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে ৩১ অক্টোবর; যে কমিশন চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত হয়েছিল। ঐকমত্য কমিশনের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ ২০২৫ সরকারের হাতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শেষ কর্মদিবসে কমিশনের কার্যালয়ের একাংশ সংসদ সচিবালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী রোববার বাকি অংশ বুঝিয়ে দেওয়া হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাজ ও মেয়াদ শেষ হলেও দেশে রাজনৈতিক ঐক্যের পরিসর বাড়েনি। বরং চলমান রাজনীতিতে ঐকমত্যের আলামত খুব কমই দেখা যাচ্ছে। বদলে রাজনীতিতে বইছে গরম হাওয়া। অসহিষ্ণুতা, অনৈক্য ও বিভেদের আলামত দেখা যাচ্ছে। এতে ঐক্যের পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কাও করছেন অনেকেই, যা সবার সম্মিলিত প্রচেষ্টায় অতিদ্রুত দূর করা দরকার। নইলে আশার জায়গা দখল করতে পারে হতাশা। পুরো পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে।

পরিস্থিতির পর্যালোচনায় এমন আশঙ্কাও কেউ কেউ করছেন, দেশ নয়া সংকটে আবর্তিত হচ্ছে আর এ সংকট ঘনীভূত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুপারিশ ঘিরে। জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল সই করেছে। তবে, জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে, তাতে বিএনপিসহ অনেক দল ক্ষুব্ধ। কমিশনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও এখতিয়ারবহির্ভূত পদক্ষেপ নেওয়ার অভিযোগ করেছে এসব দল।

বস্তুতপক্ষে, কমিশনের সুপারিশ প্রকাশের পর রাজনীতির পুরোনো বিভক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই প্রতীয়মান হচ্ছে। কারণ বিএনপি সুপারিশের সংশোধনী দাবি করলেও জামায়াতে ইসলামী দ্রুত সনদ বাস্তবায়নের দাবি তুলেছে। এনসিপি এখনো সনদে সই না করলেও তারা সরকারের পদক্ষেপে খুশি। এমন অবস্থায় জাতীয় ঐক্যের পরিবর্তে নতুন বিভক্তি ও দূরত্বের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন আশঙ্কার কারণ হলো, দলগুলো নিজের দাবি ও অবস্থান ধরে রাখতে গিয়ে অন্য দলের সম্পর্কে কঠোর ও তীব্র সমালোচনা করছে। দলগুলোর পারস্পরিক সমালোচনার ভাষা ও শব্দগুলো রাজনীতিতে উত্তেজনার সঞ্চার করেছে।

উল্লেখ্য, ৫ আগস্ট বাংলাদেশে যে অভূতপূর্ব গণ-অভ্যুত্থান হয়েছে, তাতে ছাত্র-জনতার নেতৃত্বে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী-সমর্থকরা অংশ নিয়েছেন। আন্দোলকারী সব মানুষের মধ্যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। বহু বছরের ক্ষোভ, অত্যাচার, শোষণের কারণে মানুষ ভয়ংকর রকম ক্ষুব্ধ ছিল; যার ফলে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে তাড়িয়েছে। এ তাড়ানোর প্রক্রিয়ার মধ্যে বৈষম্যহীন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয়েছিল। সে স্বপ্ন দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে আছে।

কিন্তু আন্দোলনের এক বছরের অভিজ্ঞতায়, বিশেষত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুপারিশ নিয়ে যদি রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য, বিভক্তি, দূরত্ব ও উত্তেজনা তৈরি হয়, তাহলে কার লাভ হবে? আহত, পঙ্গু, শহীদের স্বপ্নগুলো এতে যে মোটেও লাভবান হবে না, সে কথা বলাই বাহুল্য। বরং সামগ্রিক পরিস্থিতি দেখে সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। মানুষ ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশায় একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণীয় নির্বাচনের জন্য অপেক্ষমাণ। জনমতের ভিত্তিতে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে পরিস্থিতি বদলাবে এমনটা আশা করছে আমজনতা। অন্তর্বর্তী সরকারও আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য স্থির করার ঘোষণা দিয়ে রেখেছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক ও মতপার্থক্য পরিস্থিতিকে জটিল, ঘোলাটে ও উত্তপ্ত করেছে এবং নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তার আবহ তৈরি করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এক অনুষ্ঠানে বলেছেন, সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠায় ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। গণসংহতি আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে, ঐকমত্য কমিশনের সুপারিশ জুলাই সনদ বাস্তবায়নকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। অন্যদিকে, জুলাই সনদ কার্যকর করতে আজ-কালের মধ্যেই আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াত। এনসিপি আদেশ জারির উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আর সরকারের পক্ষে আইন উপদেষ্টা জানিয়েছেন, গণভোট কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য সরকারকে জোর করে, তার মানে হচ্ছে, তাদের মধ্যে ঐকমত্য নেই। তারা চাচ্ছে, সরকার যেন তাদের দলীয় অবস্থান নেয়। তিনি বলেন, ২৭০ দিন আলাপ-আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এ তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। আসিফ নজরুল বলেন, দলগুলোকে এত আলোচনার সময় দেওয়া হয়েছে, এরপরও তারা যেই অনৈক্য দেখাচ্ছে, তাতে জুলাইয়ের স্পিরিটকে তারা কোথায় নিয়ে গেছে, এটা তাদের বিবেচনা করা উচিত।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কারে ছয়টি পৃথক কমিশন করে সরকার। গত জানুয়ারিতে কমিশনগুলো প্রতিবেদন জমা দেয়। এসব কমিশনের কয়েকটি প্রধান এবং কয়েকটির সদস্যদের নিয়ে ১২ ফেব্রুয়ারি গঠন করা ছয় মাস মেয়াদি ঐকমত্য কমিশন। ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপের মাধ্যমে কমিশনের কার্যক্রম শুরু হয়। ঐকমত্য কমিশন ছয় সংস্কার কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে গত মার্চে প্রথম দফার সংলাপ শুরু করে। ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৪টি বৈঠকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ৬২ সংস্কারে ঐকমত্য ঘোষণা করে সরকার। ৩ জুন দ্বিতীয় দফার সংলাপের শুরু করেন প্রধান উপদেষ্টা। ৩১ জুলাই পর্যন্ত সংলাপে ২২ মৌলিক সংস্কারে সংখ্যাগরিষ্ঠে ঐকমত্য ঘোষণা করে কমিশন। মোট ৮৪ সংস্কারের প্রস্তাব নিয়ে প্রণয়ন করা হয় জুলাই সনদ। ১৭ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সংলাপ হয়। এর আগে কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। ওই মাসের ৮ তারিখ পর্যন্ত দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখে কমিশন। ১৭ অক্টোরব সংসদের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষরে করে বিএনপি, জামায়াতসহ ২৪টি দল। পরের দিন সই করে আরেকটি দল।

সামগ্রিকভাবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি ও গণভোট নিয়ে বিতর্কের সমাধান আলোচনার টেবিলেই করতে হবে। সরকার ও দলগুলোর মধ্যে বিভেদ ও তিক্ততা বাড়িয়ে সমঝোতা ও ঐক্য সম্ভব হবে না। এক্ষেত্রে সরকার ও দলগুলোর উচিত হবে আলোচনার দরজা খোলা রাখা। এবং এমন পরিস্থিতি না তৈরি করা, যাতে আলোচনার বদলে রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হয়।

এ কথা সত্য, জাতীয় ঐকমত্য কমিশনকে সবসময়ই সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো। সংস্কার প্রশ্নেও বেশকিছু বিষয়ে ছাড় দিয়েছে প্রতিটি দলই। এখন যদি রাজনৈতিক প্রতিপক্ষ পরস্পরের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তাহলে বিভেদ বাড়বে। দেখা দেবে মতভেদ। এতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও দেখা যাচ্ছে। এমনকি, নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকেই, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বিলম্বিত এবং রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে।

অতএব, বিদ্যমান পরিস্থিতিতে সবার মধ্যে শান্তিপূর্ণ উপায়ে সমস্যাগুলোকে সামাল দেওয়ার ইতিবাচক মনোভাব থাকতে হবে। অসহিষ্ণুতা ও সংঘাতময় পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতাকে শান্তিপূর্ণ ও সৌহার্দময় রাখার জন্য সরকার ও দলগুলোকে সদিচ্ছার সঙ্গে কাজ করতে হবে। যেহেতু বাস্তব অবস্থা ক্রমশই দ্বান্দ্বিক ও বিরোধপূর্ণ আকার নিচ্ছে, সেহেতু রাজনীতির উত্তপ্ত পরিবেশ ও গরম হাওয়াতে অতিদ্রুত নমনীয় করতে হবে। স্বয়ং প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছেন, তিনি জাতিকে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চান। কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে উৎসবমুখর নির্বাচন যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে এর দায় স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো ওপর বর্তাবে। কারণ, রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনৈক্য ও বিভেদের দায়দায়িত্ব তাদেরই বহন করতে হবে, অন্য কেউ নেবে না।

তাই বিদ্যমান সংকুল ও স্পর্শকাতর পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো হঠকারিতা ও উত্তেজনার পথ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। তাদের ভুলের জন্য যেন পরিস্থিতি এমন কোনো অনিশ্চিত পর্যায়ে না যায়, যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য, গণতান্ত্রিক উত্তরণ এবং সর্বোপরি, নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়।

প্রফেসর ড. মাহফুজ পারভেজ : চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Advertisement

Advertisement

আরও পড়ুন

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

আচরণগত অর্থনীতি : প্রেক্ষিত বাংলাদেশ

নিউইয়র্কের চিঠি ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল

আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধের কেন্দ্রে ইসরাইল

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

ফ্যাসিস্ট কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয় না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম