এ নির্বাচনে সবাই জিতেছে
মোবায়েদুর রহমান
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অবশেষে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আরও সঠিকভাবে বলতে গেলে, নির্বাচন হলো একটি, আর ভোট দুটি। একটি হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট। অন্যটি ‘সংবিধান সংস্কার আদেশের’ ওপর গণভোট। গণভোটকে সরকারি পরিভাষায় বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫)। সবকিছুই ঠিকঠাক মতোই সম্পন্ন হলো। ইন্টেরিম সরকারের প্রধান ড. ইউনূস বলেছেন, এ ভোট হবে বাংলাদেশের জনগণ এবং অন্যান্য দেশের কাছে একটি রোল মডেল। তিনি আরও বলেছেন, এ নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। আসলে হয়েছেও তাই। নির্বাচন সম্পর্কে আরও কিছু আলোচনার আগে সূচনা বক্তব্য হিসাবে দুটি কথা বলতেই হয়। সেটি হলো, ড. ইউনূস তার কথা রেখেছেন। আর দ্বিতীয়টি হলো, প্রথমে ৫ আগস্ট এবং তারপর নির্বাচনের আগের ১৮ মাস। এ ১৮ মাসে অনেক সুযোগ পাওয়ার পরও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্ষমতা দখল করেননি। বরং বিপ্লব-পরবর্তী অবস্থা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণতন্ত্রে উত্তরণ পর্যন্ত সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। ড. ইউনূস প্রথমে ক্ষমতা নিতে চাননি। ১/১১-এর সময়েও তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার অনুরোধ করেছিলেন। তখনো ড. ইউনূস বিনয়ের সঙ্গে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এবারও ছাত্রনেতারা যখন ফ্রান্সে তাকে প্রথম অনুরোধ করেন, তখন তিনি রাজি হননি। কিন্তু দ্বিতীয়বার অনুরোধ করলে তিনি বিবেকের তাড়নায় রাজি হয়েছেন। তার বিবেক তাকে বলছিল, ছাত্র-জনতা যদি শয়ে শয়ে জীবন দিতে পারে, হাজারে হাজারে আহত হতে পারে, তাহলে তিনি কেন সেই ছাত্রদের অনুরোধ রক্ষা করবেন না!
তবে তিনি শর্ত দিয়েছিলেন, যতদ্রুত সম্ভব রাষ্ট্র ও সমাজব্যবস্থার সংস্কার, ফ্যাসিস্ট স্বৈরাচার ও তার দোসরদের বিচার করে নির্বাচন দিয়ে চলে যাবেন। তার টার্গেট ছিল ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। এরপর গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে ইউনূস-তারেক বৈঠকে ঠিক হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস কথা রেখেছেন। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রীর বেতন ও মর্যাদাসহ ১০ জন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ মন্ত্রিসভাই বলুন, আর সরকার কাঠামোই বলুন, ৬০ জনের একটি কেবিনেট-কাম-অ্যাডভাইজার নিযুক্ত হয়েছে।
সবকিছুই ভালোয় ভালোয় শেষ হয়েছে বলা যেতে পারে। তবে সেই সঙ্গে ছোট্ট দু-একটি কথাও হয়তো বলা যায়। এ গরিব দেশে ৬০ জনের মন্ত্রিসভা (১০ জন উপদেষ্টাসহ) একটু বড় হয়ে গেল না তো?
নির্বাচন তো উৎসবমুখর হয়েছে। তবে ভোট কাস্টিংয়ের হার আরও বেশি হওয়া প্রত্যাশিত ছিল। এ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯.৪৪ শতাংশ। অথচ অতীতে নির্বাচন নিয়ে এত প্রাণচাঞ্চল্য না থাকা সত্ত্বেও এবারের নির্বাচনের চেয়ে অতীতে বেশ কয়েকবার ভোট কাস্টিংয়ের হার বেশি ছিল। যেমন ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনে ভোট কাস্ট হয়েছিল ৬১ দশমিক ১ শতাংশ। ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে ৭৫ দশমিক ৬ শতাংশ। অষ্টম সংসদ নির্বাচনে ৭৪ দশমিক ৯ শতাংশ। নবম সংসদ নির্বাচনে ৮৭ দশমিক ১ শতাংশ। ১১তম সংসদ নির্বাচনে ৮০ দশমিক ২ শতাংশ। এগুলোর মধ্যে ১১তম এবং ১২তম সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল বলে সেগুলো হিসাব থেকে বাদ দেওয়া যেতে পারে; কিন্তু সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার সদ্যসমাপ্ত ইলেকশনে প্রদত্ত ভোটের হারের চেয়ে বেশি হয়েছিল কেন? গবেষকরা এখনো এর সঠিক ব্যাখ্যা দেননি। তবে দুজন ব্লগার বলেছেন, ২০১৪ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ভোট না দিয়ে জনগণের মধ্যে এক ধরনের ভোটবিমুখিতা সৃষ্টি হয়। এ ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্য মনে হয় না।
২.
নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। অর্থাৎ মানুষ নির্ভয়ে ভোট দিতে গেছেন এবং নির্বাচনসংক্রান্ত কর্মকর্তারাও মোটামুটি নির্ভয়েই দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ফ্যাসিবাদী স্বৈরাচারের আমলে কেউ ইলেকশন উিউটি করতে চাইতেন না। ভয় পেতেন, কখন কী ঘটে যায়। সেই ভয়টি এবার ছিল না।
সবাই জানেন, এবারের ভোটকে মোটামুটি বলা যেতে পারে দ্বিদলীয় ভোট বা নির্বাচন। একদিকে বিএনপির নেতৃত্বাধীন জোট। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এবারের ইলেকশনে দুটি অনন্য নজির সৃষ্টি হয়েছে। একটি হলো, বাংলাদেশে ৩৫ বছর পর প্রথম একজন পুরুষ প্রধানমন্ত্রী হলেন। দ্বিতীয়টি হলো, শহীদ জিয়ার পরিবার থেকে তিন ব্যক্তি রাজনীতিতে নেমে সরাসরি সরকার বা রাষ্ট্রপ্রধান হলেন। প্রথমে শহীদ জিয়া রাজনীতিতে এসে প্রথম নির্বাচন করেন এবং সরাসরি রাষ্ট্রপতি হন। এরপর বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসে প্রথম নির্বাচন করেন এবং সরাসরি প্রধানমন্ত্রী হন। সর্বশেষ তারেক রহমান রাজনীতিতে এসে এবার প্রথম নির্বাচন করেন এবং সরাসরি প্রধানমন্ত্রী হয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিদ্বন্দ্বীরা একে অপরের সমালোচনা করেন। এবারও সেটা হয়েছে। তবে এবার সমালোচনাটা ছিল উভয় জোট থেকেই পরিশীলিত, মার্জিত এবং ব্যক্তিগত আক্রমণবিবর্জিত। নির্বাচনি প্রচারণায় উত্তাপ থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এবারের পুরো নির্বাচন প্রচারণাকালে একজন মাত্র নেতা, প্রতিপক্ষের হামলায় মৃত্যুবরণ করেছেন। এটি না হওয়াই বাঞ্ছনীয় ছিল।
কোনো নির্বাচনই একশ ভাগ সঠিক হয় না। কিছু কিছু ত্রুটি রয়েই যায়। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। এবারও জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে। বলা হয়েছে, ৫৩টি আসনে বড় ধরনের ব্যালট এবং ভোট ট্যাম্পারিং করা হয়েছে। আবার অন্য ক্ষেত্রে বলা হয়েছে, ৫৩টি নয়, ৩২টি আসনে ভোট গণনার সময় ভোট ট্যাম্পারিং করা হয়েছে। এসব অভিযোগের সত্যাসত্য নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আর যদি অভিযোগকারী মনে করে, নির্বাচন কমিশন তাদের অভিযোগে কর্ণপাত করেনি, তাহলে তারা উচ্চ আদালতে যেতে পারেন। সব ইলেকশনে যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ ওঠে, এবারের ইলেকশনেও তেমনই অভিযোগ উঠেছে। অভিযোগ যতক্ষণ প্রমাণিত না হয়, ততখন সেটা অভিযোগের পর্যায়েই থাকে।
৩.
এখন একটি প্রশ্ন উঠতে পারে, এবারের ইলেকশনে কে জিতল? আপনাদের কাছে প্রথমে এ প্রশ্নটিকে শিশুসুলভ মনে হতে পারে। কিন্তু গভীর অভিনিবেশ সহকারে দেখলে দেখা যাবে, এবারের ইলেকশন সবার জন্যই এনেছে উইন উইন সিচুয়েশন। অর্থাৎ সবাই জিতেছেন। কীভাবে? দেখুন নিচের আলোচনায়।
বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। আর ভোট পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ভোট পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ। আর জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন। ভোট পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ। বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছিল ৪০ দশমিক ০৯ শতাংশ, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে। জামায়াতে ইসলামী সর্বোচ্চ ভোট পেয়েছে ১২ দশমিক ০১ শতাংশ, ১৯৯১ সালে ৫ম সংসদ নির্বাচনে। এর বিপরীতে এবার বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ তাদের ভোটে বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। জামায়াত সর্বোচ্চ ভোট পেয়েছিল ১২ দশমিক ০১ শতাংশ। এবার তারা পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ জামায়াতের ভোট বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশ। সুতরাং, প্রাপ্য ভোটের হিসাবে দেখা যাচ্ছে, বিএনপি এবং জামায়াত উভয়েই সময়ের আবর্তনে অনেক লাভবান হয়েছে।
এনসিপি মাত্র এক বছর বয়সি একটি দল। গত বছরের ফেব্রুয়ারিতে দলটির জন্ম। দলের প্রেসিডেন্ট থেকে শুরু করে কোনো নেতার বয়সই ২৮-এর বেশি হয়নি। দল থেকে যে ছয়জন এমপি নির্বাচিত হয়েছেন, তাদের কারও বয়সও ২৮-এর বেশি নয়। এদের অধিকাংশই বিয়ে করেছেন জুলাই বিপ্লবের পর। রাজনীতিতে এদের কারওরই ম্যাচিউরিটি বা পরিপক্বতা আসেনি। এসব অপরিপক্ব তরুণের যে অধিকাংশই ১ লাখের ওপর ভোট পেয়েছেন, এটাই তাজ্জবের ব্যাপার। পাক-ভারত-বাংলাদেশ তথা সমকালীন বিশ্ব ইতিহাসে একমাত্র ভারতের আসাম ছাড়া আমি এত কম বয়সি দল, কম বয়সি তার নেতৃবৃন্দ এবং এত কম বয়সে ছয়জনকে পার্লামেন্টে যেতে দেখিনি।
কারও কারও মধ্যে একটি তাচ্ছিল্যের ভাব দেখেছি। ভাবখানা এই, মাত্র ছয়টি আসন? কিন্তু ভেবে দেখুন তো, ১ বছরের একটি দল ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং ছয়টিতে জিতেছে। হাড্ডাহাড্ডি লড়াই করেছে আরও ছয়টি আসনে। আর হেরেছে ৪৫ বছর বয়সি, তিনবার সরকার চালানোয় অভিজ্ঞ বিএনপির মতো Veteran দলের বিরুদ্ধে। সুতরাং, তাদের সাফল্যকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই।
সুতরাং, দেখলেন তো, এ মুহূর্তে বাংলাদেশে তিনটি প্রধান দল হিসাবে স্বীকৃত বিএনপি, জামায়াত ও এনসিপি সবাই ভালো করেছে, লাভবান হয়েছে। তাই আমি বলেছি, এটি ছিল একটি উইন উইন সিচুয়েশনের নির্বাচন; এ নির্বাচনে সবাই জিতেছে।
কেউ কেউ উঁকিঝুঁকি মেরে বলেন, আওয়ামী লীগ থাকলে কী হতো? এটি একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ড. ইফতেখার আহমেদ বলেছেন, এ নির্বাচনকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বলতে হবে। কারণ, সর্বোচ্চ ১ লাখ আওয়ামী লীগার ভারতে পালিয়েছেন। অবশিষ্ট লাখ লাখ আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছেন। কোন দলকে ভোট দিয়েছেন, তার সঠিক হিসাব বের করা মুশকিল; কিন্তু তারা যে ভোট দিয়েছেন, সেটি এখন দলমতনির্বিশেষে সব মহল থেকেই বলা হচ্ছে। কাজেই এবারের নির্বাচন ইনক্লুসিভ হয়নি, ভারতের এমন বক্তব্য সঠিক নয়।
মোবায়েদুর রহমান : সিনিয়র সাংবাদিক
