বাইফোকাল লেন্স
প্রশাসনে সততা মূল্যায়িত হচ্ছে কি
একেএম শামসুদ্দিন
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত ১১ জুন যুগান্তরে প্রকাশিত একটি শিরোনাম বোধকরি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। শিরোনামটি ছিল, ‘ভূমিমন্ত্রীও রাখতে পারলেন না সেই এডিসিকে!’ তার ঠিক উপরে লাল করে লেখা, ‘২৪ দিনে ৩ বার বদলি’। খবরটা পড়ে খুব যে বেশি বিস্মিত হয়েছি, তা নয়। আমার মনে হয়, এ ধরনের খবর পড়তে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশের দুর্নীতি নিয়ে খবর নতুন কিছু নয়। সরকার আসে, আবার সরকার পরিবর্তন হয়। কিন্তু দুর্নীতির ঘটনার কোনো পরিবর্তন ঘটে না। অথচ দুর্নীতির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে সব সরকারই ক্ষমতায় আসে। কিন্তু দুর্নীতি বন্ধ হয় না। আগেই বলেছি, পত্রিকায় প্রকাশিত খবরে নতুনত্বের কিছু নেই। তবে চমক আছে! চমকটি হলো দুর্নীতির অন্যতম পৃষ্ঠস্থান, সরকারি সচিবালয়ের কতিপয় আমলার কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের একজন পূর্ণমন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। প্রকাশিত মূল শিরোনামের ঠিক নিচে নীল রঙের অক্ষরে লেখাটি পড়লেই তার মর্মার্থ বোঝা যাবে। লেখা আছে, ‘এমন তো হওয়ার কথা নয়, বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী মনিটরিং করছেন-মিজানুর রহমান মিনু।’ মো. মিজানুর রহমান মিনু হলেন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের একজন মন্ত্রী। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন হওয়ার পর তিনি ভূমিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।
এখন মূল ঘটনায় আসি। বেশ কয়েকদিন ধরেই নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে ২৪ দিনের মধ্যে তিনবার বদলির ঘটনা প্রশাসন ও জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার অপরাধ, তিনি ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু ফাইল পুনঃপর্যালোচনা করে বড় অঙ্কের অর্থ পরিশোধ আটকে দেন। এরপরই খুব অল্প সময়ের ব্যবধানে তার একাধিক বদলির আদেশ আসে। এ সময়কাল ও ঘটনাক্রমের কারণে জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে, তার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কোনো শক্তিশালী গোষ্ঠী মাহমুদা বেগমকে হেনস্তা করতে প্রভাব খাটিয়েছে কি না। মাহমুদা বেগম প্রকল্পের ভূমি অধিগ্রহণের প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় করে স্বস্তিতে নেই। সরকারি টাকা লুটপাটের ক্ষেত্র বন্ধ করে এখন দুর্নীতিবাজ কর্মকর্তাদের টার্গেট পরিণত হয়েছেন। তিনি যেন মধুর চাকে ঢিল মেরে সবাইকে খেপিয়ে তুলেছেন। প্রভাবশালী একটি চক্র তাকে কর্মস্থল থেকে সরিয়ে দিয়ে ভূমি অধিগ্রহণের এ খাত থেকে বড় অঙ্কের টাকা লুটপাটের পরিকল্পনা করে। তাদের পরিকল্পিত ‘কমিশন লুটপাটের’ পথে বাধা দেওয়ায় অতিরিক্ত এই জেলা প্রশাসককে সরিয়ে দেওয়ার মিশনে নেমেছে প্রভাবশালী চক্রটি।
ঘটনাটি জানাজানি হলে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফোনে কল করে তাকে সরিয়ে দেওয়ার আদেশ স্থগিত করেন। কিন্তু তারপরও তাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলির আদেশ জারি করা হয়েছে। জানা যায়, রাজনৈতিকভাবে সচিবালয়ে নিয়োগপ্রাপ্ত প্রভাবশালী এক কর্মকর্তা ভূমি অধিগ্রহণের বিল আটকে না রেখে পরিশোধ করে দেওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়ে ক্ষমতার ধাপট দেখান এবং তার পরদিনই মাহমুদা বেগমকে প্রথমে পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী প্রধান হিসাবে বদলি করান। এর আগে অবশ্য তাকে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছিল। মাহমুদা বেগমের দ্বিতীয় দফার বদলির সরকারি আদেশ দেখেই ভূমিমন্ত্রী বদলির আদেশ বাতিলের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে কল করেছিলেন। কিন্তু তারপরও ১৫ দিনের মাথায় তাকে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অফিস-আদালত, সরকারি-বেসরকারি সংস্থা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এত অস্বচ্ছতা ও দুর্নীতির মাঝেও যে কজন নিষ্ঠাবান ও সাহসী কর্মকর্তা সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেন; রাষ্ট্র যদি তাদের চাকরির নিরাপত্তাটুকুও দিতে না পারে, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! বরং সৎ ও কর্মঠ মানুষের জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা জরুরি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে একজন কর্মকর্তাকে যদি ঘনঘন বদলি করা হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ এতে একটি ভয়াবহ বার্তা যায়-যে কর্মকর্তা নিয়ম মেনে কাজ করবেন, তিনি হয়রানির শিকার হতে পারেন।
সৎ কর্মকর্তা বলতে আমরা তাকেই বুঝি, যিনি রাষ্ট্র, আইন ও জনগণের স্বার্থকে ব্যক্তিগত, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে দায়িত্ব পালন করেন। সততা শুধু ঘুস না নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নৈতিকতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা এবং পেশাগত নিষ্ঠার সমন্বিত প্রকাশ। একজন সরকারি সৎ কর্মকর্তার প্রধান বৈশিষ্ট্যই হলো-ব্যক্তি, দল বা গোষ্ঠীর চাপে তিনি আইন থেকে বিচ্যুত হন না। বেআইনি আদেশ বাস্তবায়নে অস্বীকৃতি জানানোর নৈতিক সাহস তিনি রাখেন। সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত লাভ-লোকসানের পরিবর্তে রাষ্ট্র ও জনগণের কল্যাণ বিবেচনা করেন। ক্ষমতাসীনদের প্রতি পক্ষপাতিত্ব করেন না। পেশাগত সিদ্ধান্তকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার চেষ্টা করেন। প্রয়োজনে প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পিছপা হন না। বদলি, পদোন্নতি বঞ্চনা বা অন্যান্য প্রশাসনিক চাপের ঝুঁকি থাকা সত্ত্বেও নীতিতে থাকেন অটল। কিন্তু দেখা গেছে, কর্মকর্তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বদলি, পদোন্নতি বঞ্চনা, বিভাগীয় তদন্ত বা বিভিন্ন প্রশাসনিক চাপের মুখে পড়েন।
নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমও সেই রকম এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করে যেনতেনভাবে তাকে হয়রানি করা হচ্ছে। মাহমুদা বেগমের এ হয়রানির পেছনে কে বা কারা জড়িত, এ বিষয়ে পত্রপত্রিকায় অনুসন্ধানীমূলক খবরও বেরিয়েছে। যেসব ব্যক্তির নাম খবরের কাগজে দেখতে পাচ্ছি, তারা মন্ত্রণালয়ের উঁচু পদের কেউ নন। ২৪ দিনে মাহমুদা বেগমের তিন তিনবার বদলির আদেশ তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হয়েছে। ভূমিমন্ত্রী মাহমুদা বেগমকে বদলি না করার জন্য ওই মন্ত্রণালয়েই অনুরোধ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তো একজন সিনিয়র সচিব আছেন। তিনি কী করেছেন? যে আদেশের বলে এত অল্পদিনের মধ্যে মাহমুদা বেগমকে ঘনঘন বদলি করা হয়েছে; সেই আদেশের নোটশিটে সুপারিশ কিংবা অনুমোদনের জন্য সিনিয়র সচিব কি স্বাক্ষর করেননি? তিনিও কি অনৈতিক কাজের দায় এড়াতে পারেন? আমার তো মনে হয়, প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের দুর্নীতির তদন্তের যে আদেশ দিয়েছেন, তার পাশাপাশি ভূমিমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও মাহমুদা বেগমের বদলি বিষয়েও বিভাগীয় পর্যায়ে তদন্ত হওয়া দরকার। এখন মাহমুদা বেগমের বদলির আদেশ যদি বাতিলও হয়; তারপরও তদন্ত করে এর পেছনে কারা জড়িত, তা বের করা উচিত। কারণ, এখানে একটি বিষয় পরিষ্কার-মাহমুদা বেগমের ঘনঘন বদলি আদেশের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা জড়িত, তারা নিঃসন্দেহে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণের বিলের ‘কমিশন খেকো’ সিন্ডিকেটের সঙ্গেও জড়িত।
ভালো প্রশাসনিক পরিবেশ তৈরি করতে হলে সরকারকে ভালো ও সৎ কর্মকর্তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারকে দুর্নীতি বা অনিয়মের তথ্য প্রকাশকারী সেই হুইসেলব্লোয়ার কর্মকর্তাদের আইনি ও প্রশাসনিক সুরক্ষা দিতে হবে। অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিকার নিশ্চিত করতে হবে। প্রশাসনে আস্থার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কর্মকর্তাদের মধ্যে এ বিশ্বাস তৈরি করতে হবে যে, নিয়ম মেনে কাজ করলে সরকার তাদের পাশে থাকবে। তাতে অন্য কর্মকর্তারাও সৎ ও নীতিনিষ্ঠভাবে দায়িত্ব পালনে উৎসাহিত হবেন। আর সততার পুরস্কার যদি বদলি ও হয়রানি হয়, তাহলে প্রশাসনে দুর্নীতির বিস্তার রোধের ব্যর্থতার দায় সরকারকেও নিতে হবে।
একেএম শামসুদ্দিন : অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, কলাম লেখক
